বৃহস্পতিবার , ২রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ - বর্ষাকাল || ১৭ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

বিসিবিতে পদত্যাগের ঝড়: একদিনে সরে দাঁড়ালেন চার পরিচালক

প্রকাশিত হয়েছে- রবিবার, ৫ এপ্রিল, ২০২৬

বাংলাদেশ ক্রিকেট প্রশাসনে নতুন করে অস্থিরতার ইঙ্গিত মিলেছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড–এর দীর্ঘ বৈঠকের পর একদিনেই চারজন পরিচালক পদত্যাগ করায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে ক্রিকেট অঙ্গনে।

শনিবার দুপুর থেকে শুরু হওয়া ম্যারাথন সভা শেষে প্রথমে পদত্যাগ করেন ডিসিপ্লিনারি কমিটির চেয়ারম্যান ফায়াজুর রহমান মিতু। এরপর কয়েক ঘণ্টার ব্যবধানে একই পথে হাঁটেন শাহনিয়ান তানিম, মেহেরব আলম এবং মঞ্জুরুল আলম

বিসিবি সূত্রে জানা গেছে, রাত ১০টার দিকে ই-মেইলের মাধ্যমে তারা আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র জমা দেন। দায়িত্ব বণ্টন অনুযায়ী তানিম ছিলেন ফ্যাসিলিটিজ কমিটির চেয়ারম্যান, মেহেরব আলম সিকিউরিটি কমিটির এবং মঞ্জুরুল আলম মেডিকেল কমিটির দায়িত্বে ছিলেন। পদত্যাগের কারণ হিসেবে সবাই ব্যক্তিগত কারণ উল্লেখ করেছেন।

এর আগে বোর্ড সভা শেষে ফায়াজুর রহমান মিতু সরাসরি চিঠির মাধ্যমে নিজের পদত্যাগের ঘোষণা দেন। উল্লেখযোগ্য বিষয় হলো, পদত্যাগ করা চারজনই ওই বৈঠকে উপস্থিত ছিলেন।

গত কয়েক সপ্তাহ ধরেই বিসিবিতে পদত্যাগের প্রবণতা দেখা যাচ্ছে। এর আগে লজিস্টিকস অ্যান্ড প্রটোকল কমিটির চেয়ারম্যান ইয়াসির মোহাম্মদ ফয়সাল–ও পদত্যাগ করেন। তিনিও একইভাবে ব্যক্তিগত কারণ দেখান।

জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) মনোনীত পরিচালক ছিলেন ইয়াসির। একের পর এক পদত্যাগের ফলে বর্তমানে বিসিবির পরিচালকের সংখ্যা কমে দাঁড়িয়েছে ১৮ জনে।

উল্লেখ্য, নির্বাচিত ও মনোনীত মিলিয়ে মোট ২৫ সদস্য নিয়ে বোর্ড গঠিত হয়েছিল। পরে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত হন আমিনুল ইসলাম বুলবুল। সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পান ফারুক আহমেদশাখাওয়াত হোসেন

ধারাবাহিক এই পদত্যাগের ঘটনায় বিসিবির অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে নানা প্রশ্ন উঠছে, যা দেশের ক্রিকেট প্রশাসনের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা তৈরি করছে।