বুধবার , ১লা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ - বর্ষাকাল || ১৬ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

বিশ্ব খাদ্য কর্মসূচির মাধ্যমে বাংলাদেশে ৩০ হাজার টন পটাশ সার হস্তান্তর

প্রকাশিত হয়েছে- সোমবার, ১৯ জানুয়ারি, ২০২৬

সোমবার (১৯ জানুয়ারি ২০২৬) রাজধানীর খামারবাড়িতে বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল (বিএআরসি) মিলনায়তনে এক অনুষ্ঠানে রাশিয়ার শীর্ষ স্থানীয় সার উৎপাদনকারী প্রতিষ্ঠান উরালকেম বিশ্ব খাদ্য কর্মসূচির (WFP) মাধ্যমে বাংলাদেশকে উপহার হিসেবে ৩০ হাজার টন পটাশ সার হস্তান্তর করেছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি ও স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন ঢাকায় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার ভি খোজিন, WFP-এর ভারপ্রাপ্ত ডেপুটি কান্ট্রি ডিরেক্টর ডেভিড থমাস, উরালকেম হেড অব সেলস দিমিত্রি বোলদিরেভ এবং বিএডিসি চেয়ারম্যান মো. ওসমান ভূঁইয়া। অনুষ্ঠান পরিচালনা করেন কৃষি মন্ত্রণালয়ের সচিব ড. মো. মোহাম্মদ এমদাদ উল্লাহ মিয়ান

প্রধান অতিথি জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, বৈশ্বিক খাদ্য ও সার সরবরাহের অস্থিতিশীল পরিস্থিতিতে আন্তর্জাতিক সহযোগিতা ও অংশীদারিত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি আরও জানান, বিএডিসির কাছে বর্তমানে ইউরিয়া ব্যতীত অন্যান্য সারের মোট মজুত ১০.৩৫ লাখ টন, যা প্রতিষ্ঠানটির ইতিহাসে সর্বোচ্চ।

তিনি বর্তমান অন্তর্বর্তী সরকারের মেয়াদে কৃষি খাতে উল্লেখযোগ্য অগ্রগতি উল্লেখ করে জানান, ২০২৪-২৫ অর্থবছরে ধান উৎপাদন ৬%, আলু ১৪%, পেঁয়াজ ২২%, সবজি ৩.৭% এবং সরিষা ৮৬% বৃদ্ধি পেয়েছে। এই উদ্যোগকে গঠনমূলক বৈশ্বিক সহযোগিতার উদাহরণ হিসেবে মূল্যায়ন করা হয়েছে।