বৃহস্পতিবার , ২রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ - বর্ষাকাল || ১৭ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

বিশ্বে কোথাও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা বিমানের পরিচালনা পর্ষদে নেই : খলিলুর রহমান

প্রকাশিত হয়েছে- সোমবার, ২ ফেব্রুয়ারি, ২০২৬

বিশ্বের কোনো দেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা কোনো রাষ্ট্রীয় বিমান সংস্থার পরিচালনা পর্ষদের সদস্য নন—এমন মন্তব্য করেছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ও রোহিঙ্গাবিষয়ক হাই রিপ্রেজেনটেটিভ খলিলুর রহমান।

সোমবার (২ ফেব্রুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র জানায়, সোমবার দুপুর দেড়টার পর নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান পররাষ্ট্র মন্ত্রণালয়ে উপস্থিত হন। প্রায় দুই ঘণ্টাব্যাপী এ বৈঠক চললেও আলোচনার বিস্তারিত বিষয়বস্তু আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি।

বৈঠক শেষে সাংবাদিকরা জানতে চান—জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হিসেবে তার বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পরিচালনা পর্ষদের সদস্য হওয়া আন্তর্জাতিকভাবে নজিরবিহীন কি না। জবাবে খলিলুর রহমান বলেন, “বিশ্বে কোথাও এমন বিমান নেই।”

এ সময় অন্তর্বর্তী সরকারের শেষ সময়ে বিভিন্ন দেশের সঙ্গে প্রতিরক্ষা খাতে একাধিক চুক্তি হচ্ছে—পরবর্তী সরকার এসব চুক্তির ধারাবাহিকতা রাখবে কি না, এমন প্রশ্নও করা হয়। এর জবাবে তিনি বলেন, “এটি একটি হাইপোথিটিক্যাল প্রশ্ন। এটি একটি চলমান প্রক্রিয়া।”

উল্লেখ্য, গত ১৪ জানুয়ারি বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনের মাধ্যমে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পরিচালনা পর্ষদে পরিবর্তন আনা হয়। ওই প্রজ্ঞাপনে পরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয় জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি) ফয়েজ আহমদ তৈয়্যব এবং নির্বাচন কমিশন সচিবালয়ের জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদকে।

হঠাৎ করে তিনজন উচ্চপদস্থ সরকারি কর্মকর্তাকে বিমান বাংলাদেশের পরিচালনা পর্ষদে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নিয়ে বিভিন্ন মহল ও সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা ও সমালোচনা শুরু হয়। সমালোচকদের মতে, এতে রাষ্ট্রীয় সংস্থার পরিচালনায় স্বচ্ছতা ও পেশাদারিত্ব নিয়ে প্রশ্ন উঠতে পারে।

তবে সরকারের পক্ষ থেকে এ বিষয়ে এখনো বিস্তারিত ব্যাখ্যা দেওয়া হয়নি।