রবিবার , ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ || ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ - বর্ষাকাল || ১২ই সফর, ১৪৪৮ হিজরি

বিশ্বস্ত প্রতিরক্ষা সহযোগী’ হিসেবে আত্মপ্রকাশ করছে ভারত: মোদি

প্রকাশিত হয়েছে- রবিবার, ২৬ জুলাই, ২০২৬

ভারত বৈশ্বিক পরিসরে একটি বিশ্বস্ত প্রতিরক্ষা সহযোগী হিসেবে আত্মপ্রকাশ করছে এবং একই সঙ্গে নিজেদের প্রতিরক্ষা সক্ষমতাও আরও শক্তিশালী করছে বলে মন্তব্য করেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

রোববার (২৬ জুলাই) মাসিক রেডিও অনুষ্ঠান ‘মান কি বাত’-এ বক্তব্য দিতে গিয়ে মোদি ১৯৯৯ সালের কার্গিল যুদ্ধের স্মৃতিচারণ করেন। তিনি বলেন, কঠিন আবহাওয়া ও প্রতিকূল পরিস্থিতির মধ্যেও ভারতীয় সেনারা অসাধারণ সাহসিকতার সঙ্গে দায়িত্ব পালন করেছিলেন।

মোদি বলেন, “কার্গিল বিজয় দিবস আমাদের গর্বিত করে। এটি আমাদের সেনাদের সাহসিকতা ও আত্মত্যাগের কথা স্মরণ করিয়ে দেয়।”

প্রধানমন্ত্রী আরও বলেন, “ভারত এখন বৈশ্বিক পর্যায়ে একটি বিশ্বস্ত প্রতিরক্ষা সহযোগী হিসেবে আত্মপ্রকাশ করছে। একই সঙ্গে দেশ নিজের প্রতিরক্ষা ব্যবস্থাও আরও শক্তিশালী করছে।”

তিনি জানান, চলতি মাসের শুরুতে ইন্দোনেশিয়া সফরের সময় ভারতীয় প্রযুক্তিতে তৈরি ব্রহ্মোস ক্ষেপণাস্ত্রসহ প্রতিরক্ষা খাতে গুরুত্বপূর্ণ একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

এছাড়া ভারত সম্প্রতি দূরপাল্লার গাইডেড রকেট এবং কুশা ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা সম্পন্ন করেছে বলেও উল্লেখ করেন মোদি। এসব সাফল্যের কৃতিত্ব তিনি দেশের বিজ্ঞানী ও প্রকৌশলীদের কঠোর পরিশ্রমের ফল বলে অভিহিত করেন।

বক্তব্যের শেষ দিকে ভারতের মহাকাশ খাতের অগ্রগতির কথাও তুলে ধরেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, গত সপ্তাহে দেশের প্রথম বেসরকারি মহাকাশযান বিক্রম-১-এর সফল অগ্রযাত্রা ভারতের প্রযুক্তিগত সক্ষমতার আরেকটি গুরুত্বপূর্ণ মাইলফলক।