রবিবার , ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ || ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ - বর্ষাকাল || ১২ই সফর, ১৪৪৮ হিজরি

বিশ্বকাপ ফাইনালের আগে স্কালোনির পরিবারে ‘দ্বিধা’

প্রকাশিত হয়েছে- শনিবার, ১৮ জুলাই, ২০২৬

বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনা ও স্পেনের মহারণ ঘিরে উত্তেজনা তুঙ্গে। তবে মাঠের লড়াইয়ের পাশাপাশি আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনির পরিবারেও তৈরি হয়েছে এক ভিন্ন আবেগের মুহূর্ত। কারণ, তার পরিবারের বেশিরভাগ সদস্যের জন্ম স্পেনে।

নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে ফাইনালের আগে সংবাদ সম্মেলনে স্কালোনি জানান, স্ত্রী স্প্যানিশ হলেও তিনি এবং তাদের সন্তানরা আর্জেন্টিনাকেই সমর্থন করবেন।

স্কালোনি বলেন, ‘আমার স্ত্রী ও বাচ্চারা অবশ্যই আমাদের সঙ্গে থাকবে। যদিও আমার স্ত্রী স্প্যানিশ, সে খুব ভালো করেই জানে আমি কী অনুভব করছি এবং আমি কী পরিস্থিতির মধ্যে আছি। আমার সন্তানরা তো আরও ভালোভাবে জানে।’

২০০৮ সালে স্পেনের মায়োর্কায় খেলার সময় এলিসা মন্তেরোর সঙ্গে পরিচয় হয় স্কালোনির। পরে তারা সংসার শুরু করেন। তাদের দুই ছেলে ইয়ান ও নোয়ার জন্মও মায়োর্কাতেই। জন্মসূত্রে স্পেনের নাগরিক হলেও বাবার জাতীয় দলের প্রতি তাদের সমর্থন আর্জেন্টিনার পক্ষেই।

২০২২ কাতার বিশ্বকাপ ও ২০২৪ কোপা আমেরিকা জয়ের পর বাবার সঙ্গে শিরোপা উদযাপন করতেও দেখা গিয়েছিল স্কালোনির দুই সন্তানকে।

তবে স্ত্রী এলিসার আত্মীয়স্বজনদের জন্য পরিস্থিতি কিছুটা ভিন্ন। তারা স্পেনে থাকেন এবং স্বাভাবিকভাবেই নিজেদের দেশকে সমর্থন করবেন। বিষয়টি নিয়ে স্কালোনি বলেন, ‘মায়োর্কায় তাদের পরিবার আছে, তাই তাদের জন্য এটি কঠিন পরিস্থিতি। আমি সেটা বুঝি। তবে যাই হোক, ম্যাচ শেষে তারা খুশি হওয়ার মতো কিছু না কিছু খুঁজে নেবে।’

বিশ্বকাপের সবচেয়ে বড় মঞ্চে আর্জেন্টিনা ও স্পেনের লড়াই যেমন কোটি ভক্তের আবেগের, তেমনি স্কালোনির পরিবারের জন্যও এটি হয়ে উঠেছে দুই দেশের ভালোবাসার এক অনন্য দ্বন্দ্ব।