বৃহস্পতিবার , ২রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ - বর্ষাকাল || ১৭ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

বিশ্বকাপ দেখবেন তো বাংলাদেশের দর্শক? সম্প্রচার নিয়ে দৌড়ঝাঁপ, আশার কথা জানালেন তাবিথ

প্রকাশিত হয়েছে- সোমবার, ১৮ মে, ২০২৬

আর মাত্র কয়েকদিন পরই শুরু হচ্ছে ফুটবল বিশ্বকাপ। বিশ্বজুড়ে ফুটবলপ্রেমীদের অপেক্ষার প্রহর শেষ হওয়ার পথে, তবে বাংলাদেশের দর্শকদের জন্য এখনো একটি বড় প্রশ্ন রয়ে গেছে— টিভির পর্দায় বিশ্বকাপ দেখা যাবে তো? সম্প্রচার স্বত্ব নিয়ে অনিশ্চয়তার মধ্যে এবার আশার বার্তা দিয়েছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি তাবিথ আউয়াল।

সোমবার এক আলোচনায় জাতীয় দলের বিদেশি কোচ ও ঘরোয়া ফুটবল প্রসঙ্গের পাশাপাশি বিশ্বকাপ সম্প্রচার নিয়েও কথা বলেন তিনি। তাবিথ জানান, সরকার বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখছে এবং দেশের ফুটবলপ্রেমীরা যেন খেলা থেকে বঞ্চিত না হন, সে লক্ষ্যে কাজ চলছে।

তাবিথ আউয়াল বলেন, তথ্য মন্ত্রণালয় থেকে তাকে বিষয়টি নিয়ে আলোচনা করতে ডাকা হয়েছে। লক্ষ্য হচ্ছে এমন একটি সমাধান বের করা, যাতে রাষ্ট্রীয় টেলিভিশন বিটিভির মাধ্যমে বিশ্বকাপ সম্প্রচার করা যায়, কিন্তু এর জন্য বিটিভিকে অতিরিক্ত আর্থিক চাপ নিতে না হয়।

তিনি বলেন, বিভিন্ন বিকল্প পদ্ধতি যেমন বিজ্ঞাপন বিক্রি বা সম্প্রচার স্বত্ব পুনর্বিক্রির মাধ্যমে বিষয়টি সমাধানের চিন্তা করা হচ্ছে। একই সঙ্গে সম্প্রচার স্বত্বের মূল্য কমানোর জন্যও আলোচনা চলছে।

বাফুফে সভাপতি জানান, এই প্রক্রিয়ায় বেসরকারি প্রতিষ্ঠান, সরকার এবং বিটিভি— সবাই যুক্ত রয়েছে। ফলে সমন্বয় এবং সময় দুইটিই বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। তবে তিনি আশাবাদী যে দ্রুত একটি কার্যকর সমাধান পাওয়া যাবে।

বিশ্বকাপ শুরু হতে মাত্র ২৪ দিন বাকি থাকায় সময়ের চাপও রয়েছে। তাবিথ বলেন, সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো যুক্তিসংগত মূল্যে সম্প্রচার স্বত্ব নিশ্চিত করা এবং নির্ধারিত সময়ের মধ্যে অর্থ পরিশোধের মাধ্যমে সেটি সুরক্ষিত করা।

২০২২ সালের কাতার বিশ্বকাপে বিটিভির সম্প্রচার স্বত্ব কেনা নিয়ে নানা প্রশ্ন উঠেছিল। এবার সেই অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে সরকার স্বচ্ছতার বিষয়টিকে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে বলে জানান তাবিথ।

তিনি বলেন, বর্তমান সরকার এমন কোনো লেনদেনে যেতে চায় না, যেখানে স্বচ্ছতার ঘাটতি বা অনিয়মের সুযোগ থাকে। তার মতে, শুধু মূল্য নয়, বরং পুরো প্রক্রিয়ার স্বচ্ছতা নিশ্চিত করাই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়।

বাংলাদেশের কোটি ফুটবলপ্রেমী এখন অপেক্ষায়— শেষ পর্যন্ত বিটিভির পর্দায় বিশ্বকাপের উত্তেজনা পৌঁছাবে কি না, সেই আনুষ্ঠানিক ঘোষণার।