বৃহস্পতিবার , ২রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ - বর্ষাকাল || ১৭ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

বিশ্বকাপ উপলক্ষে মোহামেডানের ব্যতিক্রমী উদ্যোগ, উদ্বোধন করলেন ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক

প্রকাশিত হয়েছে- বুধবার, ১০ জুন, ২০২৬

দেশের অন্যতম ঐতিহ্যবাহী ক্রীড়া সংগঠন মোহামেডান স্পোর্টিং ক্লাব বিশ্বকাপ ফুটবল উপলক্ষে একটি ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করেছে। আগামীকাল থেকে শুরু হতে যাওয়া বিশ্বকাপকে সামনে রেখে ক্লাবটির ফেসবুক পেজে বাংলাদেশের ফুটবল সংশ্লিষ্ট ব্যক্তিদের নিয়ে বিশেষ ‘বিশ্বকাপ আড্ডা’ আয়োজন করা হবে।

বুধবার ক্লাব প্রাঙ্গণে এই আয়োজনের উদ্বোধন করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। জাতীয় ফুটবল দলের সাবেক এই অধিনায়ক তার বক্তব্যে মোহামেডানের প্রতি নিজের আবেগের কথা তুলে ধরেন।

তিনি বলেন, “মোহামেডান আমার আবেগের জায়গা। এখান থেকেই আমার ফুটবল ক্যারিয়ারের হাতেখড়ি। পরবর্তীতে ফরাশগঞ্জে খেলেছি এবং এরপর জাতীয় দলে সুযোগ পেয়েছি। আমার ক্যারিয়ারের শুরুর গুরুত্বপূর্ণ সময়গুলো মোহামেডানের সঙ্গে জড়িয়ে আছে।”

বিশ্বকাপে বাংলাদেশ অংশগ্রহণ না করলেও দেশের ফুটবলপ্রেমীদের উন্মাদনার প্রশংসা করেন ক্রীড়া প্রতিমন্ত্রী। তিনি বলেন, “আমরা বিশ্বকাপে খেলি না, কিন্তু ফুটবলের প্রতি আমাদের ভালোবাসা এবং সমর্থকদের আবেগ বিশ্বের সেরাদের মধ্যে অন্যতম।”

নিজের পরিবারের উদাহরণ দিয়ে তিনি জানান, বিশ্বকাপকে ঘিরে সমর্থকদের উত্তেজনা কতটা তুঙ্গে থাকে। তিনি মজার ছলে বলেন, তার স্ত্রী ও মেয়ে আর্জেন্টিনার সমর্থক এবং ইতোমধ্যেই ব্রাজিলকে নিয়ে খোঁচা দেওয়া শুরু করেছেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বরকতউল্লাহ ভুলু, লোকমান হোসেন ভূইয়া, ক্লাবের পরিচালক, স্থায়ী সদস্য এবং সাবেক তারকা ক্রীড়াবিদরা। অনুষ্ঠানের শুরুতে সাবেক সচিব ইকবাল উদ্দিন-কে বিশেষ সম্মাননা প্রদান করা হয়। তার সময়েই মোহামেডান ক্লাব মতিঝিলে বর্তমান জায়গাটি পেয়েছিল।

বিশ্বকাপ উপলক্ষে মোহামেডানের এই উদ্যোগ ফুটবলপ্রেমীদের মধ্যে নতুন মাত্রার আগ্রহ সৃষ্টি করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।