বুধবার , ১লা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ - বর্ষাকাল || ১৬ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

বিশ্বকাপে হেক্সা মিশনে কড়া নিয়মে ব্রাজিল, নজরদারিতে মোবাইল ও সোশ্যাল মিডিয়া

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬

২০২৬ ফিফা বিশ্বকাপে ষষ্ঠ শিরোপা জয়ের লক্ষ্যে কোনো ধরনের ঝুঁকি নিতে রাজি নয় ব্রাজিল। বিশ্বকাপ চলাকালীন খেলোয়াড়দের মাঠের বাইরের ব্যস্ততা ও বিভ্রান্তি থেকে দূরে রাখতে বিশেষ পরিকল্পনা গ্রহণ করেছে ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন (সিবিএফ)।

আগামী ১১ জুন শুরু হতে যাওয়া বিশ্বকাপে ব্রাজিল রয়েছে গ্রুপ ‘সি’-তে। ১৩ জুন মরক্কোর বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে সেলেসাওদের অভিযান। এর আগে কোচ কার্লো আনচেলত্তি ২৬ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছেন।

সিবিএফের নতুন আচরণবিধি অনুযায়ী, খেলোয়াড়দের মোবাইল ফোন ও সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে থাকবে বিশেষ নজরদারি। প্রতিটি ম্যাচের পরদিন বাধ্যতামূলক বিশ্রামের ব্যবস্থা করা হবে এবং পরিবারের সদস্যরা দলের হোটেলে থাকতে পারবেন না। তাদের জন্য আলাদা আবাসন ও নির্দিষ্ট সংখ্যক ম্যাচ টিকিট বরাদ্দ রাখা হয়েছে।

এছাড়া দলের হোটেলে খেলোয়াড় ও কর্মকর্তাদের বাইরে অন্য কারও প্রবেশের অনুমতি থাকবে না। অধিকাংশ অনুশীলন সেশন হবে রুদ্ধদ্বার, যেখানে সাধারণ দর্শক ও সংবাদমাধ্যমের প্রবেশ সীমিত থাকবে। নিরাপত্তা নিশ্চিত করতে নেওয়া হয়েছে অতিরিক্ত পুলিশি ব্যবস্থা।

তবে কড়াকড়ির পাশাপাশি খেলোয়াড়দের শারীরিক ও মানসিক সুস্থতার বিষয়েও গুরুত্ব দিচ্ছে সিবিএফ। থাকছে বিশেষ রিকভারি সেশন, পরিবারের সঙ্গে দেখা করার সুযোগ এবং আধুনিক প্রযুক্তির মাধ্যমে ফিটনেস পর্যবেক্ষণ ব্যবস্থা।

বিশ্বকাপ চলাকালে ব্রাজিল দলের বেসক্যাম্প হবে The Ridge Hotel-এ এবং অনুশীলন করবে Columbia Park Training Center-এ।