বুধবার , ১লা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ - বর্ষাকাল || ১৬ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

বিশ্বকাপে শুরু হচ্ছে নকআউট পর্ব! ব্রাজিল-জাপান মহারণ

প্রকাশিত হয়েছে- শুক্রবার, ২৬ জুন, ২০২৬

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর গ্রুপ পর্ব শেষের পথে। এবার শুরু হতে যাচ্ছে টুর্নামেন্টের সবচেয়ে উত্তেজনাপূর্ণ নকআউট পর্ব বা ‘ডু অর ডাই’ লড়াই। ইতোমধ্যে সেরা ৩২-এর চারটি ম্যাচের সময়সূচি প্রকাশ করেছে ফিফা।

২৯ জুন দিবাগত রাতে নকআউট পর্বের প্রথম ম্যাচে মুখোমুখি হবে স্বাগতিক কানাডা ও দক্ষিণ আফ্রিকা। যুক্তরাষ্ট্রের সোফি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ম্যাচটি এবং ম্যাচ পরিচালনা করবেন পর্তুগিজ রেফারি জোয়াও পিনহেইরো।

একই দিনে ফুটবলপ্রেমীদের জন্য অপেক্ষা করছে হাইভোল্টেজ ম্যাচ। পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল মুখোমুখি হবে এশিয়ার শক্তিশালী দল জাপানের। হিউস্টনে অনুষ্ঠিত হবে এই বহুল প্রতীক্ষিত ম্যাচ।

৩০ জুন আরেকটি জমজমাট লড়াইয়ে মুখোমুখি হবে মরক্কো ও নেদারল্যান্ডস। বোস্টনের মাঠে অনুষ্ঠিত এই ম্যাচও বিশ্বকাপের অন্যতম আকর্ষণ হতে যাচ্ছে।

অন্যদিকে, আয়োজক দেশ যুক্তরাষ্ট্র শেষ ৩২-এর লড়াইয়ে খেলবে বসনিয়া ও হার্জেগোভিনার বিপক্ষে। ম্যাচটি অনুষ্ঠিত হবে ২ জুলাই সান্তা ক্লারায়।

ফিফা জানিয়েছে, গ্রুপ পর্বের বাকি ম্যাচ শেষ হওয়ার পর দ্রুতই অবশিষ্ট নকআউট ম্যাচগুলোর সময়সূচিও প্রকাশ করা হবে। নকআউট পর্বে কোনো ম্যাচ ড্র হলে নির্ধারিত ৯০ মিনিটের পর অতিরিক্ত সময় এবং প্রয়োজন হলে পেনাল্টি টাইব্রেকারের মাধ্যমে বিজয়ী নির্ধারণ করা হবে।