বৃহস্পতিবার , ২রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ - বর্ষাকাল || ১৭ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

বিশ্বকাপের আগে গোলের ঝড়ে মেক্সিকান স্ট্রাইকারদের দাপট

প্রকাশিত হয়েছে- বুধবার, ৮ এপ্রিল, ২০২৬

আসন্ন ২০২৬ ফিফা বিশ্বকাপ ঘিরে ফুটবল বিশ্বে যখন উত্তেজনা তুঙ্গে, ঠিক তখনই আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন দুই মেক্সিকান স্ট্রাইকার—হুলিয়ান কুইনোনেসআরমান্দো গঞ্জালেস। দুর্দান্ত গোল করার দক্ষতায় তারা পেছনে ফেলেছেন বিশ্ব ফুটবলের বড় বড় তারকাদের।

বর্তমানে আল-কাদিসিয়া ক্লাবের হয়ে খেলা হুলিয়ান কুইনোনেস এই মৌসুমে ২৬টি গোল করে বৈশ্বিক গোলদাতার তালিকায় দ্বিতীয় স্থানে অবস্থান করছেন। তার ওপরে রয়েছেন বায়ার্ন মিউনিখ এর তারকা ফরোয়ার্ড হ্যারি কেন, যিনি দারুণ ফর্মে রয়েছেন।

অন্যদিকে চিভাস গুয়াদালাজারা এর ফরোয়ার্ড আরমান্দো গঞ্জালেসও পিছিয়ে নেই। সর্বশেষ পুয়মাস এর বিপক্ষে জোড়া গোল করে তিনি নিজের মোট গোল সংখ্যা বাড়িয়ে ২৪-এ নিয়ে গেছেন। ইতোমধ্যে তিনি মেক্সিকান লিগের ‘অ্যাপারতুরা ২০২৫’ আসরে গোল্ডেন বুট জিতেছেন এবং চলমান প্রতিযোগিতাতেও সর্বোচ্চ গোলদাতার তালিকায় শীর্ষে রয়েছেন।

সবচেয়ে চমকপ্রদ বিষয় হলো, এই দুই মেক্সিকান স্ট্রাইকার গোলসংখ্যার দিক থেকে ছাড়িয়ে গেছেন ক্রিস্টিয়ানো রোনালদো, কিলিয়ান এমবাপ্পে এবং আর্লিং হালান্ড এর মতো বিশ্বসেরা ফুটবলারদের। যেখানে রোনালদো ও এমবাপ্পে ২৩টি করে গোল করেছেন, সেখানে হালান্ডের গোল সংখ্যা ২২।

বিশ্বকাপের ঠিক আগে এমন পারফরম্যান্স নিঃসন্দেহে মেক্সিকোর জন্য বড় শক্তি হিসেবে দেখা হচ্ছে। তবে চমকের বিষয় হচ্ছে, মেক্সিকো জাতীয় দলের প্রধান কোচ হাভিয়ের আগুইরে এখনো এই দুই স্ট্রাইকারের বিশ্বকাপ স্কোয়াডে জায়গা নিশ্চিত করেননি।

আগামী কয়েক দিনের মধ্যেই মেক্সিকোর চূড়ান্ত দল ঘোষণা করা হবে। তখনই জানা যাবে, দুর্দান্ত ফর্মে থাকা এই দুই ফরোয়ার্ডকে বিশ্বকাপের মঞ্চে দেখা যাবে কিনা। তবে তাদের বর্তমান পারফরম্যান্স ইতোমধ্যেই প্রতিপক্ষ দলগুলোর জন্য সতর্কবার্তা হয়ে দাঁড়িয়েছে।