ডা. শফিকুর রহমান, বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।
মঙ্গলবার (৩ মার্চ) বেলা ১১টায় রাজধানীর বসুন্ধরায় বিরোধীদলীয় নেতার কার্যালয়ে আন্তরিক ও হৃদ্যতাপূর্ণ পরিবেশে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে ডা. শফিকুর রহমান বিরোধীদলীয় নেতা নির্বাচিত হওয়ায় তাকে অভিনন্দন জানান চীনা রাষ্ট্রদূত এবং তার সফলতা কামনা করেন।
জামায়াতের কেন্দ্রীয় প্রচার বিভাগের সিনিয়র প্রচার-সহকারী মুজিবুল আলম জানান, বৈঠকে উভয়পক্ষ দুই দেশের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে খোলামেলা আলোচনা করেন। তারা আশা প্রকাশ করেন, আগামী দিনে বাংলাদেশ ও চীনের মধ্যে অর্থনৈতিক, রাজনৈতিক, বাণিজ্যিক ও কূটনৈতিক সম্পর্ক আরও জোরদার হবে এবং দ্বিপক্ষীয় সহযোগিতা সম্প্রসারিত হবে।
বৈঠকে চীন দূতাবাসের ডেপুটি হেড অব মিশন ড. লিউ ইউইং, রাজনৈতিক শাখার পরিচালক ঝ্যাং জিং, মিয়া গোলাম পরওয়ার এবং জাতীয় সংসদ সদস্য ব্যারিস্টার মীর আহমেদ বিন কাসেম আরমান উপস্থিত ছিলেন।