বুধবার , ১লা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ - বর্ষাকাল || ১৬ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

বিয়ের দেড় মাসেই নববধূর মৃত্যু: চট্টগ্রামে স্বামী গ্রেপ্তার, হত্যার অভিযোগ পরিবারের

প্রকাশিত হয়েছে- সোমবার, ২৩ মার্চ, ২০২৬

চট্টগ্রাম-এর হাটহাজারীতে বিয়ের মাত্র ১ মাস ১৯ দিনের মাথায় নববধূ ঝুমা আক্তার-এর রহস্যজনক মৃত্যুতে মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় পুলিশ তার স্বামী মো. নেওয়াজ শরীফ-কে গ্রেপ্তার করেছে।

রোববার (২২ মার্চ) নিহতের বাবা মো. শাহআলম হাটহাজারী মডেল থানায় মামলাটি দায়ের করেন। মামলায় স্বামী নেওয়াজ শরীফ ওরফে বাবুকে প্রধান আসামি করা হয়েছে।

পুলিশ জানায়, গত ১৯ মার্চ দুপুরে হাটহাজারী উপজেলার আমান বাজার এলাকার একটি বাসা থেকে ঝুমার মরদেহ উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল-এর মর্গে পাঠানো হয়।

নিহত ঝুমা আক্তার একই উপজেলার চিকনদণ্ডী ইউনিয়নের বাসিন্দা ছিলেন। বিয়ের অল্প সময়ের মধ্যেই তার এমন মৃত্যু ঘিরে পরিবারে শোকের পাশাপাশি সন্দেহ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।

নিহতের পরিবারের অভিযোগ, এটি আত্মহত্যা নয়—পরিকল্পিত হত্যাকাণ্ড। তাদের দাবি, ঝুমার স্বামীর সঙ্গে অন্য এক নারীর সম্পর্ক ছিল এবং এ নিয়ে দাম্পত্য জীবনে অশান্তি চলছিল। এ কারণেই ঝুমাকে মানসিক ও শারীরিক নির্যাতন করা হতো বলে অভিযোগ করেন তারা।

নিহতের বড় ভাই জানান, বিয়ের এত অল্প সময়ের মধ্যে এমন মৃত্যু স্বাভাবিক হতে পারে না। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।

অন্যদিকে, অভিযুক্ত স্বামীর পরিবারের দাবি—ঝুমা বাথরুমের ভেন্টিলেশনের গ্রিলে ওড়না দিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন।

হাটহাজারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জাহিদুর রহমান জানান, নিহতের বাবার দায়ের করা মামলার ভিত্তিতে স্বামীকে গ্রেপ্তার করা হয়েছে এবং ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে।

ঘটনাটি ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং তদন্তের ফলাফলের দিকেই তাকিয়ে আছে স্বজন ও স্থানীয়রা।