বৃহস্পতিবার , ২রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ - বর্ষাকাল || ১৭ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

বিমানবন্দর এলাকায় ‘নো-হর্ন’ অভিযান, সাত চালককে জরিমানা

প্রকাশিত হয়েছে- রবিবার, ২৫ জানুয়ারি, ২০২৬

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকা হর্নমুক্ত বা ‘নীরব এলাকা’ হিসেবে কার্যকর করতে মোবাইল কোর্টের মাধ্যমে সমন্বিত অভিযান চালানো হয়েছে। রোববার (২৫ জানুয়ারি) এই অভিযান পরিচালিত হয় জনসচেতনতা সৃষ্টির উদ্দেশ্যে।

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) পক্ষ থেকে জানানো হয়েছে, হর্ন বাজিয়ে শব্দদূষণ করার অপরাধে সাতজন চালককে মোট ৬ হাজার ৫০০ টাকা নগদ জরিমানা করা হয়েছে।

পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান জানান, “সকলের সচেতনতার মাধ্যমে টেকসই হর্নমুক্ত পরিবেশ নিশ্চিত করা সম্ভব। বিমানবন্দর এলাকায় হর্নমুক্ত পরিবেশ নিশ্চিত করা সরকারের অগ্রাধিকার। এই উদ্যোগ দেশের অন্যান্য এলাকায় উদাহরণ হয়ে উঠবে।”

তিনি আরও জানান, শব্দদূষণ নিয়ন্ত্রণে বিআরটিএর মাধ্যমে চালকদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। প্রাথমিকভাবে ৫০টি আধুনিক সাউন্ড লেভেল মিটার দিয়ে কার্যক্রম শুরু করা হয়েছে।

ডিএনসিসির প্রশাসক মোহাম্মদ এজাজ বলেন, “বিমানবন্দর এলাকা হর্নমুক্ত রাখার মাধ্যমে নগরজুড়ে দৃষ্টান্ত স্থাপন করা সম্ভব হবে।”

সমন্বিত অভিযানে পরিবেশ মন্ত্রণালয়, ডিএনসিসি এবং অন্যান্য সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এই উদ্যোগের মাধ্যমে রাজধানীতে শব্দদূষণ নিয়ন্ত্রণ ও নিরাপদ, শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করার লক্ষ্য নেওয়া হয়েছে।