শুক্রবার , ৩রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ - বর্ষাকাল || ১৮ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিএনপি সমর্থিত আইনজীবী ঐক্য প্যানেল জয়ী

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬

প্রতিদ্বন্দ্বী কোন প্যানেল না থাকায় চাঁদপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন বিএনপি সমর্থিত আইনজীবী ঐক্য প্যানেল। বৃহস্পতিবার (৫ মার্চ) দুপুরে জেলা আইনজীবী সমিতির মিলনায়তনে নির্বাচিত প্যানেলের নাম ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট বাবর বেপারী।

রিটার্নিং কর্মকর্তা অ্যাডভোকেট জসিম উদ্দিন মেহদি হাসানসহ নির্বাচন পরিচালনা কমিটির সদস্য ও আইনজীবীরা এ সময় উপস্থিত ছিলেন।

বিএনপি সমর্থিত আইনজীবী ঐক্য প্যানেলের নির্বাচিতরা হলেন- সভাপতি অ্যাডভোকেট মো. শামসুল ইসলাম মন্টু, সাধারণ সম্পাদক অ্যাভোকেট জাকির হোসেন ফয়সাল, সহ-সভাপতি অ্যাডভোকেট মো. জাহাঙ্গীর হোসেন শেখ, অ্যাডভোকেট শাহরিয়ার হোসেন পাটওয়ারী, সহ-সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জাকির হোসেন পাটওয়ারী, অ্যাডভোকেট মো. কাইয়ুম হোসেন সুমন, কোষাধ্যক্ষ অ্যাডভোকেট বিবি হাওয়া, লাইব্রেরি সম্পাদক অ্যাডভোকেট শামীম হোসেন, ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট ফয়সাল আহমেদ, মহিলা বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট শিরীন আক্তার সুপ্তা, কার্যকরী সদস্য অ্যাডভোকেট রোজিনা বেগম চৌধুরী, শহিদুল্লাহ মিজি, আল-আমিন, উম্মে হানী ও মো. রফিকুল ইসলাম।

গত ২৬ ফেব্রুয়ারি বিএনপি ও জামায়াত সমর্থিত দুটি প্যানেল মনোনয়নপত্র দাখিল করে। ৫ মার্চ ছিল নির্বাচনের নির্ধারিত তারিখ। ভোটার সংখ্যা ছিল ৩৮২। কিন্তু গত ১ মার্চ নির্বাচনে সুষ্ঠু পরিবেশ নেই- এমন অভিযোগ এনে প্রধান নির্বাচন কমিশনারের নিকট পূর্ণ প্যানেল মনোনয়নপত্র প্রত্যাহার করেন জামায়াত সমর্থিত ঐক্যবদ্ধ আইনজীবী কল্যাণ পরিষদ। যার ফলে নির্বাচনে আর প্রতিদ্বন্দ্বী প্যানেল ছিলো না।