বুধবার , ১লা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ - বর্ষাকাল || ১৬ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

বিদেশি ঋণ ও সহায়তার ওপর নির্ভরতা কমাতে হবে: জামায়াত আমির

প্রকাশিত হয়েছে- শনিবার, ১১ এপ্রিল, ২০২৬

ডা. শফিকুর রহমান বলেছেন, বিদেশি ঋণ ও সহায়তার ওপর অতিরিক্ত নির্ভরতা কোনো জাতিকে আত্মনির্ভরশীল হতে বাধা দেয়। তার মতে, এই নির্ভরশীলতা জাতিকে “কোমর সোজা করে দাঁড়াতে” দেয় না।

শনিবার রাজধানীর খামারবাড়ি-এ অবস্থিত কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি)-এ ‘বাংলাদেশের কৃষিতে বিশ্ব জ্বালানি সংকটের প্রভাব উত্তরণের উপায়’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, অতীত থেকে শিক্ষা নিয়ে সমাজকে আরও স্বচ্ছভাবে পরিচালনা করা জরুরি। তার ভাষায়, সমাজের মানুষের কষ্ট ও হাহাকার বোঝার মানসিকতা তৈরি করতে হবে এবং নীতিনির্ধারণে স্বচ্ছতা আনতে হবে।

কৃষির গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, কৃষি বাঁচলে দেশ বাঁচবে—এই বিষয়টি ভুলে গেলে চলবে না। তিনি আরও বলেন, কৃষিকে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে, কারণ দেশের অর্থনীতি ও খাদ্য নিরাপত্তার ভিত্তি কৃষি।

জ্বালানি খাত প্রসঙ্গে তিনি বলেন, জ্বালানি ছাড়া কোনো অর্থনৈতিক কর্মকাণ্ড সচল রাখা সম্ভব নয়। দেশীয় সম্পদ থাকা সত্ত্বেও সেগুলো যথাযথভাবে ব্যবহার করা যাচ্ছে না বলে তিনি মন্তব্য করেন।

তিনি আরও দাবি করেন, জ্বালানি ব্যবস্থাপনায় দক্ষতার ঘাটতি রয়েছে এবং দেশীয় সম্পদ উত্তোলনে কার্যকর উদ্যোগ প্রয়োজন।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন এএফবির সভাপতি কৃষিবিদ ড. এটিএম মাহবুব-ই ইলাহী (তাওহীদ)। সভায় আরও উপস্থিত ছিলেন সংগঠনের মহাসচিব কৃষিবিদ শেখ মুহাম্মদ মাসউদসহ অন্যান্য নেতৃবৃন্দ।