কখনও প্রেম, কখনও বিচ্ছেদ! বারবার সম্পর্কের টানাপোড়েনের পর শেষপর্যন্ত গত বছর জুনে আইনিভাবে আলাদা হয়ে যান বলিউড অভিনেত্রী সুস্মিতা সেনের ভাই রাজীব সেন ও টেলি অভিনেত্রী চারু আসোপা।
যদিও বিবাহ-বিচ্ছেদের পরেও প্রাক্তন স্ত্রী চারুর সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখার কথা বলেন রাজীব। মেয়ের দায়িত্বও একসঙ্গে পালনের কথা জানান তিনি। যে কারণে প্রায়শই স্ত্রী-কন্যার সঙ্গে দেখা যেত তাকে।
বর্তমানে মেয়ে জিয়ানাকে নিয়ে একাই থাকেন চারু। তবে গত রোববার অভিনেত্রীর ভাইয়ের ইনস্টাগ্রাম পোস্ট দেখে রীতিমতো চমকে উঠেছেন সকলে। প্রাক্তন স্ত্রীকে নিয়েই দুবাই ঘুরতে গেছেন রাজীব। সঙ্গে রয়েছে কন্যা জিয়ানা।
শুধু প্রাক্তন স্বামীর সঙ্গে মেয়েকে নিয়ে দামি গাড়িতে একসঙ্গে বেড়ানোই নয়, দুইজনের সঙ্গে একের পর এক পোজ দিয়ে বেশ কিছু ছবি তুলতেও দেখা গেল চারু আসোপাকে। জিয়ানাও বাবা-মাকে একসঙ্গে পেয়ে বেশ খুশি।
কখনও মা, কখনও আবার বাবার ঠোঁটে ‘হামি; দিতে দেখা গেল ছোট্ট জিয়ানাকে। ‘তেরা-মেরা প্যায়ার’ ক্যাপশানে এই ভিডিওটি পোস্ট করেছেন রাজীব নিজেই।
তাদের তিনজনের সঙ্গে শাশুড়িমা শুভ্রা সেনের পাশে মেয়ে জিয়ানাকে নিয়ে বসে থাকতেও দেখা গেছে চারুকে। দুবাইয়ের একটি শপিং মলের সামনেই ঘুরতে দেখা গেছে প্রাক্তন এই দম্পতিকে।