বৃহস্পতিবার , ২রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ - বর্ষাকাল || ১৭ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

বিচার বহির্ভূত হত্যার প্রতিবাদে জবিতে মানববন্ধন করেছে হিউম্যান রাইটস সোসাইটি

প্রকাশিত হয়েছে- রবিবার, ২ ফেব্রুয়ারি, ২০২৫

বিচার বহির্ভূত হত্যার প্রতিবাদে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে হিউম্যান রাইটস সোসাইটি। একইসঙ্গে নাগরিক অধিকার নিশ্চিতসহ নিরাপদ বাংলাদেশের দাবি জানান তারা।

রোববার (২ ফেব্রুয়ারি) দুপুরে বিশ্ববিদ্যালয়ের শান্ত চত্বরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেন তারা।

এ সময় শিক্ষার্থীদের হাতে,‘ জবাব চাই, হত্যার বিচার চাই।’ ‘স্টপ এক্সট্রা জুডিশিয়াল কিলিং, টুডে তৌহিদুল টুমরো ইউ, রাইস ইন রেসিসটেন্স’ প্ল্যাকার্ড দেখা যায়।

বক্তব্যে সংগঠনটির দপ্তর সম্পাদক কামরুজ্জামান কায়েস বলেন, ফ্যাসিস্ট শাসন অবসানের পরেও দেশে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড কোনো ভাবেই কাম্য নয়। কুমিল্লায় তৌহিদুল হত্যাকাণ্ড দেশে মানবাধিকার লঙ্ঘনের ধারাবাহিকতার একটি নজির। আমরা এই হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার চাই ও দেশে মানবাধিকার নিশ্চিত করার জন্য সরকারকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান করছি।

ফারুক আহমেদ বলেন, ৫ আগস্টের পরে আমরা চেয়েছিলাম বিচার বহির্ভূত হত্যা বন্ধ হবে কিন্তু এখন তার বিপরীত পরিবেশ। যুবদল নেতা তৌহিদুল ইসলামকে তুলে নিয়ে কোন অধিকারে কোন আইনে তার ওপর জুলুম চালানো হলো। এখনও কেনো বিচার বহির্ভূত হত্যা হয়? আমরা যে মানবাধিকার চেয়েছিলাম, যে সংস্কার চেয়েছিলাম তা পাচ্ছি না। ফ্যাসিস্টরা যে এখনও তাদের তৎপরতা চালাচ্ছে এটা কিভাবে হয়?

সংগঠনের নারী বিষয়ক সম্পাদক শান্তা আক্তার বলেন, আমরা বিগত ফ্যাসিস্ট শাসনামলে দেখেছি অসংখ্য গুম, খুন ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের ঘটনা দেখেছি। কিন্তু সেই সংস্কৃতি এখনও রয়ে গেছে যা মানবাধিকারের চরম লঙ্ঘন।

এ সময় হিউম্যান রাইটস সোসাইটির নেতাকর্মীসহ সাধারণ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।