বুধবার , ১লা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ - বর্ষাকাল || ১৬ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

‘বিগত সরকারের আমলে আমরা বিভিন্নভাবে উন্নয়নবঞ্চিত হয়েছি’

প্রকাশিত হয়েছে- শনিবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৬

‎গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর বলেছেন, পিরোজপুরে বিগত সরকারের আমলে আমরা বিভিন্নভাবে উন্নয়নবঞ্চিত হয়েছি। বিভিন্ন রকম দুর্নীতির কারণে বিগত দেড় বছর আমাদের অনেক অবকাঠামগত উন্নয়ন হয়নি, খুব দ্রুত সেসব কাজ করতে হবে। সেখানে দুর্নীতির ক্ষেত্রে সকলকে জিরো টলারেন্স থাকতে হবে।

‎শনিবার (২১ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টায় পিরোজপুর জেলা প্রশাসকের কার্যালয়ে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে আলোচনাসভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

‎প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশ সরকার ইতোমধ্যে বেশ কিছু কাজ হাতে নিয়েছে। আমাদের ১৮০ দিনের বেশ কিছু প্রোগ্রাম আলোকপাত করা হবে। উপজেলাভিত্তিক আমাদের ফ্যামিলি কার্ডসহ নির্বাচনী ইশতেহারে যে কাজের কথা বলা হয়েছে, তা খুব দ্রুতই শুরু করা হবে।

‎তিনি আরও বলেন, আমরা ভাষার বিকৃতি নয়, সমৃদ্ধি চাই। সামাজিক যোগাযোগ মাধ্যমসহ সবখানে ভাষা শুদ্ধ ও মর্যাদাপূর্ণ ব্যবহার আমাদের নিশ্চিত করতে হবে।

‎পিরোজপুরের জেলা প্রশাসক আবু সাঈদের সভাপতিত্বে এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর-১ আসনের সংসদ সদস্য মাসুদ সাঈদী, পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকী। এছাড়াও এ সময় বিভিন্ন রাজনৈতিক দল ও এর অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ ও সামাজিক সাংস্কৃতিক সংগঠনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।