দেশজুড়ে জ্বালানি তেলের তীব্র সংকট ও মানুষের ভোগান্তি নিরসনে দ্রুত পদক্ষেপ নেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান।
সোমবার (৯ মার্চ) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে তিনি উল্লেখ করেন, আন্তর্জাতিক অংশীদার এবং বন্ধুপ্রতিম দেশগুলোর সঙ্গে যোগাযোগ করে জরুরি ভিত্তিতে দেশে জ্বালানি সরবরাহ নিশ্চিত করা হোক। তিনি বলেন, “আজ রাজধানীসহ দেশের বিভিন্ন জায়গায় জ্বালানি তেল সংগ্রহের জন্য মানুষের অবর্ণনীয় দুর্ভোগ দেখা যাচ্ছে – কিলোমিটারের পর কিলোমিটার লাইনে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা; অনেক মানুষ রোজা রেখে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকছেন, কারও কারোর গাড়ির তেল একেবারেই ফুরিয়ে গেছে।”
শফিকুর রহমান আরও সতর্ক করেছেন যে, এই সংকট শুধু সাধারণ মানুষের যাতায়াতেই নয়, বিদ্যুৎ উৎপাদন ও শিল্পকারখানার ওপরও নেতিবাচক প্রভাব ফেলছে। ঈদের যাত্রা সামনেই, তাই সমস্যার দ্রুত সমাধান না হলে মানুষের ঈদযাত্রা আরও কঠিন হয়ে পড়বে।
তিনি উল্লেখ করেন, এর আগে সরকারের প্রতি একই ধরনের আহ্বান জানানো হয়েছিল। কিন্তু পরিস্থিতি আরও খারাপ হয়েছে। তাই আবারও তিনি অনুরোধ করেছেন, “দ্রুত উদ্যোগ নিয়ে আন্তর্জাতিক অংশীদার ও বন্ধুপ্রতিম দেশগুলোর সঙ্গে যোগাযোগ করে জরুরি ভিত্তিতে জ্বালানি সরবরাহ নিশ্চিত করা হোক।”
সংকটকালীন এই সময়ে দেশবাসীর প্রতি ধৈর্য ধারণের আহ্বান জানিয়ে শফিকুর রহমান বলেন, “এই সময়ে ধৈর্য ধরুন এবং অপ্রয়োজনে জ্বালানি ব্যবহার থেকে বিরত থাকুন। আল্লাহ আমাদের সবাইকে এই সংকট থেকে উত্তরণের তাওফিক দিন।”