রবিবার , ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ || ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ - বর্ষাকাল || ১২ই সফর, ১৪৪৮ হিজরি

বিএমএসএফের সভাপতি মজিবুর রহমান, সাধারণ সম্পাদক শহীদুল্লাহ বাদল

প্রকাশিত হয়েছে- রবিবার, ২৬ জুলাই, ২০২৬

বাংলাদেশ মুক্ত শ্রমিক ফেডারেশনের (বিএমএসএফ) দ্বি-বার্ষিক সম্মেলন-২০২৬-এ মজিবুর রহমান ভূঞাকে সভাপতি এবং শহীদুল্লাহ বাদলকে সাধারণ সম্পাদক করে পরবর্তী মেয়াদের জন্য ৩৫ সদস্যের নতুন কমিটি নির্বাচিত করা হয়েছে।

শনিবার (২৫ জুলাই) রাজধানীর আইডিইবি মিলনায়তনে অনুষ্ঠিত দ্বি-বার্ষিক সম্মেলনের মাধ্যমে নতুন কমিটি নির্বাচিত করা হয়।

সম্মেলনে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব আব্দুর রহমান তরফদার বলেন, গণতন্ত্রের চর্চা অব্যাহত থাকলে শ্রমিকদের দাবি পূরণ, কল্যাণ এবং ন্যায্য অধিকার প্রতিষ্ঠা করা সহজ হয়। বর্তমান ত্রিপক্ষীয় কমিটির পুনর্গঠন শ্রমিকদের অধিকার আদায়ে আরও কার্যকর ভূমিকা রাখছে।

তিনি বলেন, শ্রম সংস্কার কমিশনের সুপারিশের ভিত্তিতে সরকার জাতীয় সামাজিক সংলাপের একটি স্থায়ী কাঠামো গঠনের বিষয়টি বিবেচনা করছে। এ ধরনের কাঠামো ত্রিপক্ষীয় কমিটির কার্যক্রমে নাগরিক সমাজের সুপারিশ ও গবেষণালব্ধ তথ্য তুলে ধরে সহায়তা করতে পারে।

শ্রম সংস্কার কমিশনের সাবেক প্রধান সৈয়দ সুলতান উদ্দিন আহম্মদ বলেন, শ্রমিকদের অধিকারসংক্রান্ত বিভিন্ন আলোচনা ও সুপারিশ নিয়মিতভাবে সরকারের কাছে তুলে ধরতে জাতীয় সামাজিক সংলাপ ফোরাম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। এ বিষয়ে সরকারের ইতিবাচক ভূমিকা থাকলে প্রক্রিয়াটি আরও ত্বরান্বিত হবে।

বিএমএসএফের নবনির্বাচিত সভাপতি মো. মজিবুর রহমান ভূঞা বলেন, দীর্ঘ ৫৭ বছর ধরে সংগঠনটি শ্রমিকদের দাবি আদায়ের লক্ষ্যে কাজ করে যাচ্ছে। বর্তমান কমিটি এই ধারাবাহিকতাকে আরও সাফল্যের সঙ্গে এগিয়ে নেবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

সম্মেলনে শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা, কল্যাণ নিশ্চিতকরণ এবং শ্রমিকস্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। নতুন নেতৃত্বের মাধ্যমে সংগঠনের কার্যক্রম আরও গতিশীল হবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন সংশ্লিষ্টরা।