বুধবার , ১লা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ - বর্ষাকাল || ১৬ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

বিএমইউতে শুরু হলো ক্যান্সার রেজিস্ট্রি ও ইএমআর কার্যক্রম

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৬

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএমইউ) ক্যান্সার চিকিৎসায় তথ্যনির্ভর ও রোগীকেন্দ্রিক আধুনিক ব্যবস্থাপনার দিকে এক ধাপ এগিয়েছে। বিশ্ববিদ্যালয়ে চালু করা হয়েছে ইলেকট্রনিক মেডিক্যাল রেকর্ড (ইএমআর) সিস্টেম এবং ক্যান্সার রেজিস্ট্রি কার্যক্রম, যা চিকিৎসা, তথ্য ও সেবাকে একটি সমন্বিত কাঠামোর আওতায় নিয়ে এসেছে।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বিশ্ব ক্যান্সার দিবস উপলক্ষে বিএমইউর বি-ব্লকে র‍্যালি শেষে বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ডা. মো. শাহিনুল আলম আনুষ্ঠানিকভাবে এই উদ্যোগের উদ্বোধন করেন। এবারের দিবসের প্রতিপাদ্য ছিল– ‘ইউনাইটেড বাই ইউনিক-স্বকীয়তায় ঐক্যবদ্ধ’

উদ্যোগের মাধ্যমে রোগীর চিকিৎসার ইতিহাস ও রোগের ধরন ডিজিটাল পদ্ধতিতে সংরক্ষণ করা হবে। চিকিৎসার প্রতিটি ধাপ এবং ফলাফল বিশ্লেষণ করা সম্ভব হবে। প্রাপ্ত তথ্য ভবিষ্যতে জাতীয় পর্যায়ে চিকিৎসা পরিকল্পনা ও নীতিনির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

উপাচার্য অধ্যাপক ডা. শাহিনুল আলম বলেন, “ক্যান্সার চিকিৎসায় কেবল দক্ষ চিকিৎসক বা আধুনিক যন্ত্রই যথেষ্ট নয়। নির্ভরযোগ্য তথ্যভাণ্ডার, ডিজিটাল ব্যবস্থাপনা এবং সমন্বিত পরিকল্পনা ছাড়া টেকসই অগ্রগতি সম্ভব নয়। ক্যান্সার রেজিস্ট্রি ও ইএমআর চালুর ফলে চিকিৎসা হবে আরও স্বচ্ছ, ধারাবাহিক ও রোগীকেন্দ্রিক।”

এদিন ক্যান্সার রোগী ও তাদের দেখাশোনাকারীদের জন্য চালু করা হয় ‘পেশেন্ট এডুকেশন প্রোগ্রাম’, যা রোগী ও পরিবারের সদস্যদের রোগের প্রকৃতি, চিকিৎসা পদ্ধতি, পার্শ্বপ্রতিক্রিয়া, পুষ্টি ও মানসিক সহায়তা সম্পর্কে নিয়মিত দিকনির্দেশনা দেবে। বিশ্ববিদ্যালয় পর্যায়ে এটি একটি নতুন ও ব্যতিক্রমী উদ্যোগ

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ক্লিনিক্যাল অনকোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. সৈয়দ মো. আকরাম হোসেন, বিশেষ অতিথি ছিলেন প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ডা. মো. আবুল কালাম আজাদ। এছাড়া উপস্থিত ছিলেন সংশ্লিষ্ট বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা।

বক্তারা আশাবাদ ব্যক্ত করে বলেন, সঠিক তথ্য ও প্রযুক্তিনির্ভর এই ব্যবস্থাপনা ভবিষ্যতের ক্যান্সার চিকিৎসায় কার্যকর দৃষ্টান্ত স্থাপন করবে