বুধবার , ১লা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ - বর্ষাকাল || ১৬ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

বিএমইউতে প্রতিরোধ ও নিরাময়মুখী গবেষণায় জোর: ভিসি’র প্রশিক্ষণ কর্মশালা

প্রকাশিত হয়েছে- শনিবার, ১৭ জানুয়ারি, ২০২৬

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ) থিসিস, গবেষণাপত্র ও গবেষণা প্রতিবেদন লেখায় গুণগত মান নিশ্চিত করতে ফেজ-বি পর্যায়ের ৭০০ জন রেসিডেন্ট ছাত্রছাত্রী ও চিকিৎসক অংশগ্রহণে হাতে-কলমে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

কর্মশালায় বিশেষভাবে গবেষণাকে প্রতিরোধ ও নিরাময়মুখী করার ওপর গুরুত্বারোপ করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মো. শাহিনুল আলম। তিনি বলেন, গবেষণার লক্ষ্য হতে হবে দেশের মানুষের বাস্তব চাহিদা পূরণ এবং রোগ প্রতিরোধ ও নিরাময়ে কার্যকর অবদান রাখা।

ভিসি আরও বলেন, গবেষণার মূল উদ্দেশ্য হওয়া উচিত সমস্যার প্রকৃত চিত্র তুলে ধরা, কারণ নির্ধারণ ও বাস্তবভিত্তিক সমাধান খুঁজে বের করা। আন্তর্জাতিক মানের গবেষণা প্রকাশ এবং অন্যান্য দেশের গবেষণালব্ধ জ্ঞান দেশের প্রেক্ষাপটে প্রয়োগ করাও অত্যন্ত জরুরি।

প্রো-ভাইস চ্যান্সেলর (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. মুজিবুর রহমান হাওলাদার বলেন, ডিজিটাল যুগে পিছিয়ে থাকার সুযোগ নেই। রেসিডেন্ট চিকিৎসকদের জন্য এই ধরনের হাতে-কলমে প্রশিক্ষণ তাদের আগামী দিনের দক্ষ ও যোগ্য চিকিৎসক ও গবেষক হিসেবে গড়ে তুলবে।

কর্মশালায় উপস্থিত ছিলেন বিএমইউর প্রো-ভিস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ডা. মো. আবুল কালাম আজাদ, বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগারিক ও অ্যানেসথেসিয়া বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. মো. মোস্তফা কামাল, হাসপাতাল পরিচালক ব্রিগেডিয়ার ইরতেকা রহমান, এবং বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক ও কর্মকর্তা বৃন্দ।