বৃহস্পতিবার , ২রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ - বর্ষাকাল || ১৭ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

বিএনপি প্রার্থী বুলেট দিয়ে সন্ত্রাসের রাজত্ব কায়েম করতে চান

প্রকাশিত হয়েছে- শুক্রবার, ২৮ নভেম্বর, ২০২৫

পাবনার ইশ্বরদীতে যা ঘটে গেল, তা হঠাৎ করে হয়নি বলে জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, পাবনার ঘটনা প্রমাণ করে ব্যালটের যুদ্ধ নয়, বিএনপি প্রার্থী বুলেট দিয়ে সন্ত্রাসের রাজত্ব কায়েম করতে চান। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) রাতে নিজের ভেরিফাইড ফেইসবুক পেইজে দেওয়া এক স্ট্যাটাসে একথা বলেন তিনি।

তিনি স্ট্যাটাসে বলেন, পাবনার ইশ্বরদীতে আজ যা ঘটে গেল, তা হঠাৎ করে হয়নি। বিএনপির দলীয় প্রার্থীর অসহিষ্ণু, অগণতান্ত্রিক ও উসকানিমূলক বক্তব্য এবং কর্মকাণ্ড বারবার প্রমাণ করছে— এটি ব্যালটের যুদ্ধ নয়; বরং বুলেট দিয়ে তিনি তার সন্ত্রাসের রাজত্ব কায়েম করতে চান। জামায়াত আমির বলেন, প্রশাসন যে সুষ্ঠু নির্বাচনের কথা বলে আসছে, জনগণ দেখতে চায় প্রশাসন কী করে। তবে সব সন্ত্রাসীর ব্যাপারে আমাদের বার্তা হলো— জামায়াত কোনো সন্ত্রাসের কাছে মাথা নত করবে না।

তিনি বলেন, জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠা করতে লড়াই আমাদের আরও জোরদার হবে। সন্ত্রাস ও দুর্নীতির বিরুদ্ধে আমরা লড়াই চালিয়ে যাব। ইনশাআল্লাহ আমরা থামব না।