বৃহস্পতিবার , ২রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ - বর্ষাকাল || ১৭ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

বিএনপি প্রার্থীর সঙ্গে ‘গোপন বৈঠক’, নির্বাচনী কর্মকর্তার অপসারণের দাবি

প্রকাশিত হয়েছে- বুধবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৬

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৬ আসনের এক নির্বাচনী কর্মকর্তার বিরুদ্ধে বিধিভঙ্গের গুরুতর অভিযোগ উঠেছে। বিএনপি মনোনীত প্রার্থীর সঙ্গে ‘গোপন বৈঠক’ করার অভিযোগে ওই কর্মকর্তাকে নির্বাচনী দায়িত্ব থেকে অবিলম্বে অপসারণের দাবি জানিয়েছেন একই আসনের জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী কর্নেল (অব.) মো. আব্দুল বাতেন।বুধবার (১১ ফেব্রুয়ারি) নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব বরাবর দেওয়া এক লিখিত পত্রে তিনি এই দাবি জানান।

লিখিত অভিযোগে বলা হয়েছে, ঢাকা-১৬ আসনের নির্বাচনী মালামাল বিভাজন, বিতরণ ও গ্রহণ কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন নির্বাহী প্রকৌশলী (পুর) মো. কামরুল হাসান।

অভিযোগ উঠেছে, তিনি গতকাল (১০ ফেব্রুয়ারি) ওই আসনের বিএনপি প্রার্থী আমিনুল হকের বাসভবনে এক গোপন বৈঠকে মিলিত হন।

অভিযোগকারী কর্নেল (অব.) মো. আব্দুল বাতেন জানান, ওই বৈঠকের স্থিরচিত্র ও ভিডিও ফুটেজ সম্বলিত একটি পেনড্রাইভ প্রমাণ হিসেবে নির্বাচন কমিশনে জমা দেওয়া হয়েছে।

আবেদনপত্রে উল্লেখ করা হয়েছে, নির্বাচনী দায়িত্বে থাকা অবস্থায় একজন নির্দিষ্ট প্রার্থীর বাসায় গিয়ে গোপন বৈঠক করা দণ্ডনীয় অপরাধ। দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা একজন প্রার্থীর সাথে এমন সখ্যতা বজায় রাখলে ওই আসনে কখনোই সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয়। সুষ্ঠু নির্বাচনের স্বার্থে কামরুল হাসানকে তাৎক্ষণিক বদলি করে অন্য কোনো নিরপেক্ষ কর্মকর্তাকে সেই পদে স্থলাভিষিক্ত করার জোর দাবি জানানো হয়েছে।

এ বিষয়ে নির্বাচন কমিশনের সংশ্লিষ্ট শাখার একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, অভিযোগপত্রটি গ্রহণ করা হয়েছে। এটি যাচাই-বাছাই করে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে। নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের প্রমাণ মিললে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি জানান।