বুধবার , ১লা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ - বর্ষাকাল || ১৬ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

বিএনপির সভায় আ.লীগ নেতার ‘জয় বাংলা’ স্লোগান, ভিডিও ভাইরাল

প্রকাশিত হয়েছে- শনিবার, ১০ জানুয়ারি, ২০২৬

শরীয়তপুরে বিএনপির এক মতবিনিময় সভায় ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতির ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগানের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। এ নিয়ে রাজনৈতিক অঙ্গনে আলোচনা-সমালোচনা চলছে।

খোঁজ নিয়ে জানা যায়, গত বৃহস্পতিবার (৮ জানুয়ারি) রাত ৮টার দিকে শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার মহিষার ইউনিয়নে বিএনপি আয়োজিত মতবিনিময় সভায় শরীয়তপুর-৩ আসনের বিএনপি মনোনীত প্রার্থী মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপুকে সমর্থন জানান মহিষার ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম চৌকিদার। এছাড়াও ভেদরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেন মোড়ল, মহিষার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অরুণ হাওলাদার, মহিষার ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক দেলোয়ার সরদারসহ দুই শতাধিক নেতাকর্মী বিএনপি মনোনীত প্রার্থী অপুকে সমর্থন দেন।

এ সময় মহিষার ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম চৌকিদার তার এক বক্তব্যে বলেন, উন্নয়ন হতে হলে আগামী নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী অপু ভাইকে ধানের শীষে ভোট দিয়ে জয়যুক্ত করুন। কারণ তিনি তারেক রহমান তথা জিয়া পরিবারের একজন ঘনিষ্ঠ ব্যক্তি। তিনি এমপি হলে ভেদরগঞ্জ উপজেলার উন্নয়ন ও আইনশৃঙ্খলা সুন্দর হবে। শেষে তিনি ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দেন।

বিষয়টি নিয়ে জানতে বিএনপির প্রার্থী মিয়া নুরুদ্দিন আহম্মেদ অপুর সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তার বক্তব্য পাওয়া যায়নি।

এ বিষয়ে ভেদরগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও আহ্বায়ক কমিটির সদস্য বিএম মোস্তাফিজুর রহমান ঢাকা পোস্টকে বলেন, আমাদের নেতার সিদ্ধান্ত, আমরা দলবল নির্বিশেষে সকলকে নিয়েই দেশ গড়ার লক্ষ্যে সবাইকে আহ্বান জানাই। কে আওয়ামী লীগ, কে জামায়াত- এটা বড় প্রশ্ন না। সে ভোটার, আওয়ামী লীগ করে, করতেই পারে। আমাদের ভোটের প্রয়োজন, আমরা এদেশে কোনো বৈষম্য চাই না। আমাদের নির্বাচনের প্রচারণায় কে কি বললো, না বললো ওইটা আমরা আমলে নিই না।