বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম বলেছেন, বর্তমান সরকার জনগণের ভোটের সরকার নয়। তারা একতরফা ডামি নির্বাচনে রাষ্ট্রযন্ত্রকে কবজা করে অবৈধভাবে ক্ষমতা দখল করে বসে আছে। একপাক্ষিক নির্বাচনে বাংলাদেশের মানুষ তাদের প্রত্যাখ্যান করেছে। ৭ জানুয়ারি আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু ঘটেছে। তারা নৈতিকভাবে জনগণের কাছে পরাজিত হয়েছে। তিনি বলেন, বাংলাদেশের জনগণ সবসময় গণতন্ত্র ও ভোটের অধিকারের জন্য লড়াই করেছে। তাই গণতন্ত্রের আন্দোলন অটুট থাকবে।
যতদিন দেশে গণতন্ত্র ফেরত না আসবে, জনগণের ভোটে নির্বাচিত সরকার না আসবে, ততদিন ভোটের অধিকার ফিরিয়ে আনার আন্দোলন অব্যাহত থাকবে। চূড়ান্ত বিজয় না আসা পর্যন্ত বিএনপির আন্দোলন চলবে। এ সংগ্রামে জনগণ জয়ী হবে। শনিবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে নগরীর শাহ আমানত ব্রিজ সংলগ্ন এলাকায় দক্ষিণ জেলা বিএনপির গণসংযোগ ও লিফলেট বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মাহবুবের রহমান শামীম। সরকারের পদত্যাগ, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, ভারত, বাংলাদেশ ও মিয়ানমার সীমান্তে বাংলাদেশি হত্যার প্রতিবাদে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির উদ্যোগে কেন্দ্র ঘোষিত এ কর্মসূচির আয়োজন করা হয়।