বৃহস্পতিবার , ২রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ - বর্ষাকাল || ১৭ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

বার্জার পেইন্টসের রাইট শেয়ারের অর্থ ব্যবহারে সময় এক বছর বাড়াল বিএসইসি

প্রকাশিত হয়েছে- সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬

বহুজাতিক কোম্পানি বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেড-এর রাইট শেয়ারের মাধ্যমে সংগ্রহ করা অর্থ ব্যবহারের সময়সীমা এক বছর বাড়িয়েছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, পূর্ব নির্ধারিত ২০২৬ সালের ৩১ মার্চের পরিবর্তে এখন অর্থ ব্যবহারের সময়সীমা নির্ধারণ করা হয়েছে ২০২৭ সালের ৩১ মার্চ পর্যন্ত।

রোববার (১২ এপ্রিল) বিএসইসি এ সংক্রান্ত চিঠির মাধ্যমে কোম্পানিটিকে বিষয়টি জানায়। পরে সোমবার (১৩ এপ্রিল) ঢাকা স্টক এক্সচেঞ্জ-এর মাধ্যমে বিষয়টি বিনিয়োগকারীদের জানানো হয়।

কোম্পানি সূত্রে জানা গেছে, জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চলে তাদের তৃতীয় কারখানার বাণিজ্যিক উৎপাদন শুরুতে বিলম্ব হওয়ায় প্রকল্প বাস্তবায়নের সময়সূচি পুনর্নির্ধারণ করতে হয়েছে। এ কারণেই অর্থ ব্যবহারের সময় বাড়ানোর আবেদন করা হয়েছিল।

বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেড-এর পক্ষ থেকে জানানো হয়েছে, নতুন সময়সীমার মধ্যে প্রকল্পটি সম্পন্ন করা সম্ভব হবে বলে তারা আশা করছে। কোম্পানির তৃতীয় কারখানায় উন্নত অটোমেশন ও আধুনিক প্রযুক্তি সংযোজনের মাধ্যমে উৎপাদন সক্ষমতা বাড়ানোর পরিকল্পনা রয়েছে।

এর আগে পরিচালনা পর্ষদ প্রকল্প ব্যয় ৮১৩ কোটি টাকা থেকে বাড়িয়ে ৯৮০ কোটি টাকায় উন্নীত করে। নির্মাণ ব্যয় বৃদ্ধি ও প্রযুক্তিগত উন্নয়নের কারণে এই সংশোধন আনা হয়েছে বলে জানানো হয়।