বুধবার , ১লা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ - বর্ষাকাল || ১৬ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

বাবার পদাঙ্কে, মায়ের স্মৃতিতে: সিলেট থেকে নির্বাচনী প্রচার শুরু তারেক রহমানের

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ২২ জানুয়ারি, ২০২৬

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান সিলেটের পুণ্যভূমি থেকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা শুরু করেছেন। তিনি বাবার পদাঙ্ক অনুসরণ এবং মায়ের স্মৃতিবিজড়িত প্রথা মেনে সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে জনসভা করেছেন, যেখানে দলের সাবেক চেয়ারপারসন ও তার মা খালেদা জিয়া অতীতে একাধিকবার জনসভা করেছেন।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকাল ১০টায় সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে আয়োজিত জনসভায় প্রধান অতিথি হিসেবে তারেক রহমান বক্তব্য দেন। জনসভা ইতিমধ্যেই নেতাকর্মী ও সমর্থকের উপস্থিতিতে কানায় কানায় পূর্ণ হয়ে উঠেছে।

মাঠে অংশ নেওয়া সিলেট জেলার গোয়াইনঘাট উপজেলা থেকে আসা ৬০ ঊর্ধ্ব বয়সী বিএনপি সমর্থক ইমাম উদ্দিন আবেগাপ্লুত কণ্ঠে বলেন, “এই মাঠেই খালেদা জিয়ার দুইটা সমাবেশে আইছিলাম। মাকে দেখছি দুইবার। এইবার পুতেরে (ছেলে) দেখমু। আমাদের আজকে খুব সুখ লাগতেছে।” তার সঙ্গে আসা ইউসুফ মোল্লা জানান, “আমরার কয়েক’শ মানুষ আসছি চারটা বাসে করে। গতকাল সন্ধ্যার আগেই আসছি।”

সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য কামরুল হাসান আগত নেতাকর্মীদের জন্য একটি কমিউনিটি সেন্টার ভাড়া করেছেন এবং সেখানে খাওয়া-দাওয়ার ব্যবস্থা নিশ্চিত করেছেন।

বিএনপি নেতা বলছেন, সিলেট থেকেই নির্বাচনী প্রচার শুরু করা দলটির দীর্ঘদিনের ঐতিহ্য। বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক চেয়ারপারসন খালেদা জিয়াও নির্বাচনের আগে হজরত শাহজালাল ও হজরত শাহপরান-এর মাজার জিয়ারতের পাশাপাশি আলিয়া মাদ্রাসা মাঠে প্রথম জনসভা করতেন।

জনসভায় সভাপতিত্ব করেন সিলেট জেলা বিএনপির সভাপতি আবদুল কাইয়ুম চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এর আগে বুধবার (২১ জানুয়ারি) রাত আটটার দিকে আকাশপথে সিলেটে পৌঁছান তারেক রহমান। তিনি হজরত শাহজালাল ও হজরত শাহপরান-এর মাজার জিয়ারতের পাশাপাশি মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক এম এ জি ওসমানীর কবরও জিয়ারত করেন। এরপর দক্ষিণ সুরমা উপজেলার বিরাইমপুর গ্রামে তার শ্বশুরবাড়িতে যান।

বহু বছর পর—২০০৫ সালের পর দীর্ঘ ২০ বছর পর—তারেক রহমান সিলেটে ফিরেছেন এবং এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচার আনুষ্ঠানিকভাবে শুরু করেছেন।