বুধবার , ১লা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ - বর্ষাকাল || ১৬ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

বাজেট জনগণের স্বপ্ন ও উন্নয়নের রূপরেখা, শুধু আয়-ব্যয়ের হিসাব নয়: স্পিকার

প্রকাশিত হয়েছে- বুধবার, ১০ জুন, ২০২৬

জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, জাতীয় বাজেট কেবল রাষ্ট্রের আয়-ব্যয়ের একটি আর্থিক দলিল নয়; এটি দেশের জনগণের আশা-আকাঙ্ক্ষা, উন্নয়ন অগ্রাধিকার এবং ভবিষ্যৎ অর্থনৈতিক দিকনির্দেশনার প্রতিফলন। একটি কার্যকর ও জনমুখী বাজেট দেশের সামগ্রিক উন্নয়ন, অর্থনৈতিক স্থিতিশীলতা এবং গণতান্ত্রিক শাসনব্যবস্থাকে আরও শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

বুধবার জাতীয় সংসদ সচিবালয়ের শপথ কক্ষে ‘বাজেট হেল্পডেস্ক-২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

স্পিকার বলেন, সংসদ সদস্যদের বাজেট সম্পর্কিত গবেষণাভিত্তিক তথ্য, বিশ্লেষণ ও প্রয়োজনীয় উপাত্ত সরবরাহের মাধ্যমে বাজেট হেল্পডেস্ক সংসদীয় কার্যক্রমকে আরও কার্যকর ও তথ্যনির্ভর করতে সহায়তা করবে। এতে সংসদ সদস্যরা বাজেট নিয়ে আরও গভীর ও ফলপ্রসূ আলোচনা করতে পারবেন, যা নীতিনির্ধারণে ইতিবাচক প্রভাব ফেলবে।

অনুষ্ঠানে জাতীয় সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভুঁইয়া স্বাগত বক্তব্য দেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংসদের চিফ হুইপ মো. নূরুল ইসলাম মণি, বিরোধী দলের নেতা ডা. মো. শফিকুর রহমান, বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত ও প্রতিনিধিদলের প্রধান মাইকেল মিলার এবং অর্থবিভাগের সচিব খায়েরুজ্জামান মজুমদার।

স্পিকার তার বক্তব্যে বাংলাদেশের অর্থনৈতিক সংস্কারের ইতিহাস তুলে ধরে বলেন, ১৯৯১ সালে বিএনপি সরকারের সময় প্রয়াত অর্থমন্ত্রী সাইফুর রহমানের প্রবর্তিত মূল্য সংযোজন কর (ভ্যাট) ব্যবস্থা দেশের রাজস্ব কাঠামোয় একটি যুগান্তকারী পরিবর্তন এনেছিল। তিনি বলেন, বাজেট দেশের প্রতিটি নাগরিকের জীবনযাত্রাকে কোনো না কোনোভাবে প্রভাবিত করে। তাই বাজেট প্রণয়ন ও বাস্তবায়নের ক্ষেত্রে জনগণের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে।

তিনি আরও বলেন, সংসদীয় কার্যক্রমের মূল উদ্দেশ্য হলো জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটানো এবং তাদের কল্যাণ নিশ্চিত করা। এ জন্য সকল সংসদ সদস্যকে দলীয় অবস্থানের ঊর্ধ্বে উঠে দেশের বৃহত্তর স্বার্থ ও জনগণের কল্যাণকে অগ্রাধিকার দিতে হবে।

স্পিকার জানান, ইউরোপীয় ইউনিয়নের অর্থনৈতিক সহায়তা এবং সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) কারিগরি সহযোগিতায় সংসদের বাজেট অ্যানালাইসিস অ্যান্ড মনিটরিং ইউনিটের তত্ত্বাবধানে পরিচালিত এই বাজেট হেল্পডেস্ক সংসদীয় কার্যক্রমের গুণগত মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে বিরোধী দলের নেতা ডা. মো. শফিকুর রহমান বলেন, বাজেট হেল্পডেস্ক জাতির ভবিষ্যৎ প্রত্যাশা বাস্তবায়নের ক্ষেত্রে একটি কার্যকর সহায়ক প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে। তিনি উল্লেখ করেন, বাজেটের অর্থ আসে মূলত জনগণের কর, দেশি-বিদেশি ঋণ এবং বৈদেশিক অনুদান থেকে। তাই এই অর্থের প্রকৃত মালিক জনগণ, এবং তাদের কল্যাণে যথাযথভাবে তা ব্যয় নিশ্চিত করতে হবে।

তিনি আরও বলেন, বাজেটের আকার বড় হওয়াই উন্নয়নের একমাত্র সূচক নয়; বরং বাজেট বাস্তবায়নে স্বচ্ছতা, জবাবদিহিতা এবং কার্যকারিতা নিশ্চিত করাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ। বাজেটের অর্থ যেন ব্যক্তি বা গোষ্ঠীস্বার্থে নয়, বরং জনকল্যাণে ব্যয় হয়, সে বিষয়ে সর্বোচ্চ সতর্কতা প্রয়োজন।

সংসদের চিফ হুইপ মো. নূরুল ইসলাম মণি বলেন, জাতীয় বাজেটকে শুধুমাত্র রাজস্ব ও ব্যয়ের হিসাব হিসেবে দেখার সুযোগ নেই। এটি একটি রাষ্ট্রের উন্নয়ন দর্শন, অর্থনৈতিক পরিকল্পনা এবং ভবিষ্যৎ অগ্রযাত্রার রূপরেখা। তিনি বলেন, সুশাসন, দক্ষ অর্থনৈতিক ব্যবস্থাপনা এবং স্বচ্ছতা নিশ্চিত করতে পারলে বাংলাদেশ কাঙ্ক্ষিত উন্নয়নের লক্ষ্যে আরও দ্রুত এগিয়ে যেতে পারবে।

তিনি আরও উল্লেখ করেন, আন্তর্জাতিক অঙ্গনে একটি দেশের মর্যাদা ও সক্ষমতা অনেকাংশে তার অর্থনৈতিক শক্তির ওপর নির্ভরশীল। তাই অর্থনৈতিক শৃঙ্খলা বজায় রেখে উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন তিনি।

অনুষ্ঠানে বক্তারা আশা প্রকাশ করেন, বাজেট হেল্পডেস্ক সংসদ সদস্যদের জন্য একটি কার্যকর গবেষণা ও তথ্যভিত্তিক সহায়ক প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে এবং ভবিষ্যতে সংসদীয় বাজেট আলোচনাকে আরও সমৃদ্ধ ও ফলপ্রসূ করে তুলবে।