বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু বলেছেন, বাজারে যে পণ্যটা ওঠে সেটা অবিকৃত থাকছে না। মানুষও খালি হাতে ফিরছে না। এ দেশেই কিন্তু খাদ্যের অভাব ছিল, দুর্ভিক্ষ ছিল। বাজারে টাকা দিয়েও খাদ্য মিলতো না। সেখান থেকে আমরা বের হয়ে এসেছি। আমাদের এখন চাল বাইরে থেকে আমদানি করতে হয় না।
এই মুহূর্তে মানুষের হাতে প্রয়োজনের তুলনায় বেশি পরিমাণ টাকা আছে। আমাদের বাজারে মানি সাপ্লাইটা বেশি। তিনি বলেন, আমরা বাজারে প্রতিযোগিতা এস্টাবলিশ করতে চাই। যারাই আমদানিকারক বা উৎপাদক আছেন তারা যদি একটি প্রতিযোগিতার মধ্যে থাকে তাহলে কিন্তু ন্যায্য মূল্যে পণ্য সরবরাহ করতে পারব
বাজার নিয়ন্ত্রণের করণীয় ও ধাপগুলো কেউ দিয়ে দিলে প্রতিমন্ত্রী খুশি হতেন উল্লেখ করে বলেন, এখন গবেষণা নেই। গবেষণা করবে কে? বিআইডিএসের কাজ গবেষণা করা। আমাদের কৃষিপণ্য নিয়ে গবেষণা করতে হবে। সুগার নিয়ে গবেষণা করতে হবে। আমরা কি আগের মতো সুগার মিল চালু করব? ইক্ষু চাষ করব নাকি চিনি আমদানি করব এ বিষয়েও গবেষণা করতে হবে।