বাকলিয়া থানা পুলিশের অভিযানে ‘মাদকের আস্তানা’য় অভিযান গ্রেপ্তার এক নারী
চাবি দিয়ে ঘর খুললেন গৃহকর্ত্রী, ভ্যানিটি ব্যাগে মিলল ইয়াবা ও নগদ টাকা
চট্টগ্রাম নগরীর ফিশারিঘাট এলাকায় একটি বাসায় অভিযান চালিয়ে ৪০ পিস ইয়াবা ও প্রায় তিন লাখ টাকা উদ্ধার করেছে বাকলিয়া থানা পুলিশ। এ ঘটনায় মাছুমা সিমা প্রকাশ শিমু (৪৯) নামে এক নারীকে গ্রেপ্তার করা হয়েছে।
বৃহস্পতিবার (২৪ জুলাই) রাত সাড়ে ৩টার দিকে বাকলিয়া থানাধীন ফিশারিঘাট এলাকার একটি কলোনির বাসায় এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ জানায়, চাক্তাই পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) মো. মোবারক হোসেনের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়। সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে ওই বাসায় অভিযান চালানো হয়।
এ সময় আটক নারী নিজেই চাবি দিয়ে একটি কক্ষের দরজা খুলে দেন। পরে ওই কক্ষে থাকা একটি ভ্যানিটি ব্যাগে তল্লাশি চালিয়ে ৪০ পিস ইয়াবা ও বিভিন্ন মূল্যমানের নোটসহ প্রায় তিন লাখ টাকা উদ্ধার করা হয়।
গ্রেপ্তার মাছুমা সিমা প্রকাশ শিমু (৪৯) বাকলিয়ার মাস্টারপোল এলাকার বাসিন্দা। বর্তমানে তিনি চাক্তাই বেড়া মার্কেট কলোনিতে বসবাস করেন বলে জানিয়েছে পুলিশ।
পুলিশের তথ্য অনুযায়ী, গ্রেপ্তার নারীর বিরুদ্ধে বাকলিয়া থানায় ইয়াবা উদ্ধারের ঘটনায় একাধিক মামলা রয়েছে। এর মধ্যে একটি মামলায় ১০৮ পিস, অন্য মামলাগুলোতে যথাক্রমে ৩৮৮, ১৪৮, ৯৮৮, ২৩৮ ও ১ হাজার ১৮৮ পিস ইয়াবা উদ্ধারের উল্লেখ রয়েছে।
পুলিশ জানায়, উদ্ধার হওয়া টাকার মালিকানা নিয়ে আটক নারী একেক সময় একেক ধরনের বক্তব্য দিয়েছেন। কখনো তিনি দাবি করেন, টাকাগুলো ভাগিনার কাছে রাখার জন্য দেওয়া হয়েছিল। আবার কখনো বলেন, বাড়ির কাজের জন্য ভাইয়ের কাছ থেকে টাকা এনেছেন। তবে উদ্ধার হওয়া ইয়াবার মালিকানা কেউ স্বীকার করেননি।
অভিযান পরিচালনাকারী এসআই মো. মোবারক হোসেন বলেন, ‘গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তারের জন্য আমরা ওই এলাকায় গিয়েছিলাম। পরে ফিশারিঘাট এলাকায় সাংবাদিকদের ওপর হামলার ঘটনা জানতে পেরে সেখানে যাই। গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি, ওই বাসায় মাদক বিক্রি হয়। পরে অভিযান চালিয়ে এক নারীকে আটক করা হয়।’
তিনি আরও বলেন, ‘আটক নারী নিজেই চাবি দিয়ে বাসার একটি কক্ষ খুলে দেন। ওই কক্ষে থাকা একটি ভ্যানিটি ব্যাগের ভেতর থেকে ইয়াবা ও টাকা পাওয়া যায়। বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।’
বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহেদুল কবির বলেন, গ্রেপ্তার নারীর বিরুদ্ধে নগরীর বিভিন্ন থানায় একাধিক মাদক মামলা রয়েছে। এবারও ইয়াবা ও নগদ টাকাসহ তাকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ জানায়, এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা শেষে গ্রেপ্তার নারীকে আদালতে পাঠানো হয়েছে।
এর আগে ফিশারিঘাট এলাকায় সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ ওঠে। ওই ঘটনার পর এলাকায় পুলিশের তৎপরতা বাড়ানো হয়েছে বলে জানা গেছে।