রবিবার , ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ || ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ - বর্ষাকাল || ১২ই সফর, ১৪৪৮ হিজরি

বাংলাদেশ সিরিজের মাঝেই জিম্বাবুয়ের স্থায়ী অধিনায়ক এনগারাভা

প্রকাশিত হয়েছে- শনিবার, ১১ জুলাই, ২০২৬


বাংলাদেশের বিপক্ষে চলমান দ্বিপাক্ষিক সিরিজের মধ্যেই তিন ফরম্যাটের নতুন নেতৃত্ব কাঠামো ঘোষণা করেছে জিম্বাবুয়ে ক্রিকেট (জেডসি)। সাম্প্রতিক পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে পেসার রিচার্ড এনগারাভাকে টেস্ট ও ওয়ানডে দলের স্থায়ী অধিনায়ক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

বাংলাদেশের বিপক্ষে চলমান ওয়ানডে সিরিজে এনগারাভা জিম্বাবুয়েকে নেতৃত্ব দিচ্ছেন। এর আগে হারারে অনুষ্ঠিত টেস্ট ম্যাচেও তার নেতৃত্বে মাঠে নামে দল। নেতৃত্বে ইতিবাচক ফল পাওয়ার পর তাকে আনুষ্ঠানিকভাবে টেস্ট ও ওয়ানডের পূর্ণকালীন অধিনায়ক ঘোষণা করেছে জিম্বাবুয়ে ক্রিকেট। তবে সিরিজের শেষ ওয়ানডেতে তাকে বিশ্রাম দেওয়া হয়েছে এবং ভারপ্রাপ্ত অধিনায়কের দায়িত্ব পালন করছেন সিকান্দার রাজা

অন্যদিকে, টি-টোয়েন্টি দলের অধিনায়ক হিসেবে দায়িত্বে বহাল থাকছেন অভিজ্ঞ অলরাউন্ডার সিকান্দার রাজা। ৪০ বছর বয়সী এই ক্রিকেটার নিজের পারফরম্যান্সের পাশাপাশি নেতৃত্বেও ধারাবাহিক সাফল্য দেখিয়ে চলেছেন।

এদিকে, জিম্বাবুয়ে নারী দলের নতুন অধিনায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন জোসেফিন এনকোমো। একই সঙ্গে বিভিন্ন ফরম্যাটের সহ-অধিনায়কদের নামও ঘোষণা করা হয়েছে। টেস্টে ব্রায়ান বেনেট, ওয়ানডেতে সিকান্দার রাজা, টি-টোয়েন্টিতে রিচার্ড এনগারাভা এবং নারী দলে নমভেলো সিবান্দা সহ-অধিনায়কের দায়িত্ব পালন করবেন।

জিম্বাবুয়ে ক্রিকেটের চেয়ারম্যান তাভেংওয়া মুকুহলানি বলেন, অধিনায়কত্ব শুধু মাঠে নেতৃত্ব দেওয়ার বিষয় নয়; এর জন্য সততা, মানসিক দৃঢ়তা, বিচক্ষণতা এবং সতীর্থদের অনুপ্রাণিত করার সক্ষমতা প্রয়োজন। তিনি জানান, বোর্ডের বিশ্বাস নতুন নেতৃত্ব দলকে আরও সফলতার পথে এগিয়ে নেবে এবং ভবিষ্যতের নেতৃত্বও আরও শক্তিশালী হবে।