উচ্চশিক্ষা খাতে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে যৌথ অংশীদারিত্ব সম্প্রসারণ এবং আন্তর্জাতিক মানসম্পন্ন দ্বৈত ডিগ্রি (ডুয়াল ডিগ্রি) কর্মসূচি চালুর লক্ষ্যে জাতীয় কাঠামো (ন্যাশনাল ফ্রেমওয়ার্ক) প্রণয়নের উদ্যোগ নিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি)। এ বিষয়ে শনিবার (২০ জুন) বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) ইউজিসি ও বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে একটি গুরুত্বপূর্ণ আলোচনা ও পরামর্শ সভা অনুষ্ঠিত হয়।
‘ডেভেলপমেন্ট অব আ ন্যাশনাল ফ্রেমওয়ার্ক ফর জয়েন্ট পার্টনারশিপ ইন হায়ার এডুকেশন সেক্টর বিটুইন বাংলাদেশ অ্যান্ড ইউনাইটেড স্টেটস অব আমেরিকা’ শীর্ষক এ সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ফুলব্রাইট স্পেশালিস্ট ও উচ্চশিক্ষা নীতি বিশেষজ্ঞ ড. গ্রেস মুকুপা। তিনি জানান, বাংলাদেশের বিদ্যমান শিক্ষা কাঠামো ও নীতিমালার সঙ্গে সামঞ্জস্য রেখে আন্তর্জাতিক মানসম্পন্ন একটি টেকসই ডুয়াল ডিগ্রি ফ্রেমওয়ার্ক তৈরি করা হচ্ছে।
তিনি বলেন, প্রাথমিকভাবে ‘টু প্লাস টু’ মডেল বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে। এতে শিক্ষার্থীরা প্রথম দুই বছর বাংলাদেশে এবং পরবর্তী দুই বছর যুক্তরাষ্ট্রের অংশীদার বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন করবেন। সফলভাবে কোর্স সম্পন্ন করলে উভয় বিশ্ববিদ্যালয় থেকে পৃথক ডিগ্রি অর্জনের সুযোগ পাবেন।
সভায় বাংলাদেশের জাতীয় যোগ্যতা কাঠামো (বিএনকিউএফ) এবং যুক্তরাষ্ট্রের কার্নেগি ইউনিট পদ্ধতির মধ্যে ক্রেডিট সমন্বয়, পাঠ্যক্রমের সামঞ্জস্য, ক্রেডিট স্থানান্তর এবং আন্তর্জাতিক স্বীকৃতি নিশ্চিত করার বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাকৃবির উপাচার্য অধ্যাপক এ. কে ফজলুল হক ভূঁইয়া বলেন, আন্তর্জাতিক মানের সঙ্গে উচ্চশিক্ষাকে সামঞ্জস্যপূর্ণ করতে এ ধরনের উদ্যোগ সময়োপযোগী। বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে যৌথ ডিগ্রি কর্মসূচি চালু হলে শিক্ষার্থীরা বিশ্বমানের শিক্ষা, গবেষণা ও দক্ষতা অর্জনের আরও বিস্তৃত সুযোগ পাবে।