চট্টগ্রামের বাঁশখালী উপজেলা-র পুঁইছড়ি এলাকা থেকে চুরি হওয়া একটি গাভী উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় একটি পিকআপসহ দুইজনকে আটক করা হয়েছে।
বুধবার দিবাগত রাত আনুমানিক ২টার দিকে পুঁইছড়ি ইউনিয়নের পূর্ব পুঁইছড়ি ৫ নম্বর ওয়ার্ড এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, এলাকার বাসিন্দা জিয়া উদ্দিনের গোয়ালঘরে গভীর রাতে দুর্বৃত্তরা ঢুকে একটি গাভী চুরি করে নিয়ে যায়। গরুটি হারিয়ে যাওয়ার বিষয়টি টের পেয়ে জিয়া উদ্দিন বিষয়টি আত্মীয়-স্বজন ও প্রতিবেশীদের জানান এবং বিভিন্ন স্থানে খোঁজ শুরু করেন।
এদিকে একই সময় উপজেলার কালীপুর ইউনিয়নের রামদাস মুন্সি হাট পুলিশ তদন্ত কেন্দ্রের টহলরত পুলিশ সদস্যরা সন্দেহজনক একটি পিকআপ থামিয়ে তল্লাশি চালান। এ সময় গাড়িটিতে থাকা একটি গাভীসহ দুইজনকে আটক করা হয়। পরে জিয়া উদ্দিনের স্বজনরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার হওয়া গাভীটি শনাক্ত করেন।
পরে পুলিশ গাভীটি উদ্ধার করে এবং আটক দুইজনসহ পিকআপটি থানায় নিয়ে যায়।
আটকরা হলেন পূর্ব পুঁইছড়ি ৫ নম্বর ওয়ার্ডের আহমদ হোসাইনের ছেলে মো. ফজল কাদের (২০) এবং একই ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মৃত শাহ আলমের ছেলে পিকআপচালক মো. ফোরকান (২৭)। পুলিশের ভাষ্য অনুযায়ী, ফোরকান গরু চুরির ঘটনায় সহযোগী হিসেবে জড়িত ছিলেন।
এ বিষয়ে বাঁশখালী থানা-র অফিসার ইনচার্জ (ওসি) খালেদ সাইফুল্লাহ জানান, আটক দুইজনের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে এবং পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।