বৃহস্পতিবার , ২রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ - বর্ষাকাল || ১৭ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

বহিষ্কৃত নেতাকে প্রার্থী ঘোষণা, বিএনপি নেতাকর্মীদের বিক্ষোভ

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ৪ নভেম্বর, ২০২৫

সাতক্ষীরা-২ (সদর-দেবহাটা) আসনে বিএনপির বহিষ্কৃত নেতা আব্দুর রউফকে প্রার্থী ঘোষণা করার প্রতিবাদে বিক্ষোভ হয়েছে সাতক্ষীরা শহরের বিনেরপোতা এলাকায়। প্রার্থী তালিকায় নাম না আসা আব্দুল আলিমের সমর্থকরা সোমবার (৪ নভেম্বর) দিবাগত রাতে খুলনা-সাতক্ষীরা মহাসড়কের বিনেরপোতা বাইপাস মোড়ে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেন।
এ সময় তারা মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। ফলে সাময়িকভাবে যানজটের সৃষ্টি হয়। বিক্ষোভকারীরা আব্দুর রউফের প্রার্থিতা বাতিল এবং আব্দুল আলিমকে প্রার্থী ঘোষণার দাবি জানান। তাদের দাবি, বহিষ্কৃত একজন নেতাকে প্রার্থী করা তৃণমূলের সঙ্গে অবিচার।
বিক্ষোভকারীরা জানান, আব্দুল আলিম দলের সংকটকালেও সবসময় মাঠে ছিলেন, অথচ তাকে উপেক্ষা করে বহিষ্কৃত নেতাকে প্রার্থী করা হয়েছে—এতে তৃণমূল নেতাকর্মীরা চরমভাবে ক্ষুব্ধ।
বিক্ষোভ চলাকালে নেতাকর্মীরা ‘রউফের প্রার্থিতা বাতিল কর’, ‘তৃণমূলের সিদ্ধান্ত মানতে হবে’—এমন স্লোগান দেন। পরে মঙ্গলবার বিকেল পর্যন্ত কর্মসূচি স্থগিত রেখে কেন্দ্রীয় নেতৃবৃন্দকে আলটিমেটাম দেওয়া হয়। অন্যথায় আরও বৃহৎ কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা।
প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন লাবসা ইউনিয়ন বিএনপির সভাপতি শফিকুল ইসলাম, সদর উপজেলা বিএনপির নেতা আতিয়ার রহমান, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আনারুল ইসলামসহ স্থানীয় নেতারা।
তারা বলেন, দলের দুঃসময়ে যারা মাঠে ছিলেন, তাদের বাদ দিয়ে বহিষ্কৃত নেতাকে প্রার্থী করা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। কেন্দ্র যদি তৃণমূলের এই ক্ষোভ উপেক্ষা করে, তাহলে আরও কঠোর আন্দোলন হবে।