বৃহস্পতিবার , ২রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ - বর্ষাকাল || ১৭ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

বরিশালের পেট্রোল পাম্পগুলোতে ‘ট্যাগ অফিসার’ নিয়োগ

প্রকাশিত হয়েছে- রবিবার, ২৯ মার্চ, ২০২৬

বরিশাল জেলায় সাম্প্রতিক জ্বালানি তেলের সংকট মোকাবিলায় মাঠে নামলো জেলা প্রশাসন। জেলার ২৯টি পেট্রোল পাম্পে ‘ট্যাগ অফিসার’ নিয়োগ দিয়ে সরবরাহ ব্যবস্থাকে নিয়ন্ত্রণে আনার চেষ্টা শুরু হয়েছে।

শনিবার (২৮ মার্চ) জেলা প্রশাসক মো. খায়রুল আলম সুমন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

এতে বলা হয়েছে, প্রতিটি ফিলিং স্টেশনে একজন করে দায়িত্বপ্রাপ্ত সরকারি কর্মকর্তা থাকবেন, যারা সরাসরি পাম্পের কার্যক্রম পর্যবেক্ষণ করবেন। পাশাপাশি অতিরিক্ত জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তাদের মনিটরিংয়ের দায়িত্ব দেওয়া হয়েছে।

শহর ও সদর উপজেলার গুরুত্বপূর্ণ এলাকা-নথুল্লাবাদ, নতুন বাজার, সাগরদী, রূপাতলী, দপদপিয়া ও চরকাউয়াসহ বিভিন্ন পাম্পে কৃষি, মৎস্য, প্রাণিসম্পদ, প্রকৌশল, সমাজসেবা, সমবায় ও অন্যান্য দপ্তরের কর্মকর্তাদের দায়িত্ব দেওয়া হয়েছে। একইভাবে জেলার উজিরপুর, আগৈলঝাড়া, গৌরনদী ও বাকেরগঞ্জ উপজেলাতেও নির্দিষ্ট ফিলিং স্টেশনগুলোতে কর্মকর্তারা তদারকিতে থাকবেন।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ট্যাগ অফিসাররা নিয়মিত পাম্প পরিদর্শন করবেন এবং জ্বালানির সরবরাহ স্বাভাবিক রাখতে কাজ করবেন। কোনো পাম্পে কৃত্রিম সংকট তৈরি, মজুতদারি কিংবা বাড়তি দামে বিক্রির অভিযোগ পাওয়া গেলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে।

সম্প্রতি জেলায় জ্বালানি তেলের ঘাটতি দেখা দেওয়ায় সাধারণ মানুষকে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে সীমিত পরিমাণ তেল নিতে হচ্ছিল। এমন পরিস্থিতিতে প্রশাসনের এই উদ্যোগকে স্বস্তির বার্তা হিসেবে দেখছেন ভুক্তভোগীরা।

এই তদারকি কার্যক্রম কার্যকরভাবে বাস্তবায়িত হলে বাজারে জ্বালানির সরবরাহ স্বাভাবিক হবে এবং ভোগান্তি অনেকটাই কমে আসবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

এদিকে (২৯ মার্চ) রোববার জেলা প্রশাসক মো. খায়রুল আলম সুমন বিভিন্ন ফিলিং স্টেশনগুলো পরিদর্শন ও তদারকি করেছেন।