বৃহস্পতিবার , ২রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ - বর্ষাকাল || ১৭ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

বন্যা মোকাবিলায় আরও ১২৮ আশ্রয়কেন্দ্র নির্মাণের পরিকল্পনা

প্রকাশিত হয়েছে- রবিবার, ৫ এপ্রিল, ২০২৬

দেশে বন্যা ও ঘূর্ণিঝড় মোকাবিলায় আরও ১২৮টি বন্যা আশ্রয়কেন্দ্র নির্মাণ করা হবে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু

রোববার (৫ এপ্রিল) জাতীয় সংসদে ব্রাহ্মণবাড়িয়া-৫ আসনের সংসদ সদস্য মো. আবদুল মান্নানের লিখিত প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ

মন্ত্রী জানান, বর্তমানে দেশের ৪৩টি বন্যাপ্রবণ জেলার ২৫৮টি উপজেলায় ইতোমধ্যে ৩২০টি বন্যা আশ্রয়কেন্দ্র নির্মাণ করা হয়েছে। এর পাশাপাশি নতুন করে আরও ১২৮টি আশ্রয়কেন্দ্র নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে।

এছাড়া উপকূলীয় অঞ্চলে ৯০টি বহুমুখী ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। সারাদেশে ইতোমধ্যে ১১৫টি দুর্যোগ আশ্রয়কেন্দ্র নির্মিত হয়েছে এবং আরও ১২২টি নির্মাণ করা হবে।

দুর্যোগকালীন সময়ে দ্রুত আশ্রয়কেন্দ্রে পৌঁছানোর সুবিধার্থে ১২ হাজার ২৪৫টি সেতু ও কালভার্ট নির্মাণ করা হয়েছে এবং আরও ২ হাজার ৩৬টি নির্মাণের পরিকল্পনা রয়েছে। একইসঙ্গে ৬ হাজার ৭৮৮ কিলোমিটার রাস্তা নির্মাণের পাশাপাশি আরও ১ হাজার কিলোমিটার রাস্তা নির্মাণ করা হবে।

মন্ত্রী আরও জানান, উদ্ধার কার্যক্রম জোরদারে বিভিন্ন জেলায় টেলিযোগাযোগ সরঞ্জাম, ফায়ার ফাইটিং ইকুইপমেন্ট, রেডিও সেট, রেসকিউ বোটসহ আধুনিক সরঞ্জাম সংগ্রহ করা হচ্ছে।

তিনি বলেন, প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি কমাতে সরকার বিভিন্ন প্রকল্পের আওতায় সমন্বিত উদ্যোগ গ্রহণ করেছে, যা ভবিষ্যতে দুর্যোগ মোকাবিলায় সক্ষমতা বাড়াবে।