বুধবার , ১লা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ - বর্ষাকাল || ১৬ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

বনলতা এক্সপ্রেস’-এ অভিনয়ের প্রস্তাব ফিরিয়েছিলেন বিপাশা হায়াত, জানালেন কারণ

প্রকাশিত হয়েছে- সোমবার, ৬ এপ্রিল, ২০২৬

ঈদে মুক্তি পাওয়া নির্মাতা তানিম নূরের তারকাবহুল সিনেমা ‘বনলতা এক্সপ্রেস’ এখন আলোচনার শীর্ষে। মুক্তির পর থেকেই সিনেমাটি দর্শক ও সমালোচকদের প্রশংসায় ভাসছে। তবে সিনেমাটিতে অভিনয়ের প্রস্তাব পেয়েও কাজটি ফিরিয়ে দিয়েছিলেন নব্বই দশকের জনপ্রিয় অভিনেত্রী বিপাশা হায়াত।

সম্প্রতি এক পডকাস্টে অংশ নিয়ে বিষয়টি নিয়ে মুখ খুলেছেন বিপাশা হায়াত। তিনি জানান, নির্মাতা তানিম নূর নিজেই তাকে সিনেমার একটি চরিত্রে অভিনয়ের প্রস্তাব দেন।

বিপাশা বলেন, ‘আমি যতটুকু শুনেছি, বনলতা এক্সপ্রেস খুবই চমৎকার একটি কাজ। যদিও এখনও দেখা হয়নি। তবে আমি সবসময় এমন কাজ করতে চাই, যেখানে আমাকে সত্যিকারের পরিশ্রম করতে হবে। আমি চাই, শারীরিক ও মানসিকভাবে নিজেকে উজাড় করে দিতে পারি। কিন্তু এই কাজটিতে সেই জায়গাটা কম মনে হয়েছে।’

কাজে ফেরার ক্ষেত্রে নিজের দৃষ্টিভঙ্গি ব্যাখ্যা করে তিনি আরও বলেন, ‘আমি এমন একটি বিশেষ কাজের অপেক্ষায় আছি, যেখানে আমি পুরোপুরি নিজেকে নিংড়ে দিতে পারব। শুধু উপস্থিত থাকা নয়, অভিনয়ের গভীরে গিয়ে কাজ করতে চাই।’

এদিকে তানিম নূরের ‘বনলতা এক্সপ্রেস’ দেশের প্রেক্ষাগৃহে সফলতার পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গনেও জায়গা করে নিয়েছে। গত ৩ এপ্রিল থেকে উত্তর আমেরিকা ও ইউরোপের অর্ধশতাধিক প্রেক্ষাগৃহে সিনেমাটি মুক্তি পেয়েছে, যেখানে প্রবাসী দর্শকদের কাছ থেকেও ইতিবাচক সাড়া মিলছে।

সিনেমাটিতে অভিনয় করেছেন মোশাররফ করিম, চঞ্চল চৌধুরী, শরীফুল রাজ, সাবিলা নূর, শ্যামল মওলা, জাকিয়া বারী মম ও আজমেরী হক বাঁধনসহ একঝাঁক জনপ্রিয় তারকা। সংশ্লিষ্টদের আশা, ব্যবসায়িক দিক থেকেও সিনেমাটি নির্মাতার আগের কাজ ‘উৎসব’-এর সাফল্যকে ছাড়িয়ে যাবে।


🔎 Hashtags