বর্তমান সময়ের ছোটপর্দার অন্যতম জনপ্রিয় অভিনেত্রী ও মডেল কেয়া পায়েল। সারা বছরই ব্যস্ত থাকেন বিভিন্ন কাজ নিয়ে। গেলো ঈদে তার অভিনীত একাধিক নাটক দর্শকপ্রিয়তা পেয়েছে। যার বেশিরভাগ নাটক প্রকাশিত হয়েছে নেটমাধ্যমে। সেখানে মন্তব্যের ঘরে অভিনেত্রীকে প্রশংসায় ভরিয়ে দেন নেটিজেনরা।
ইদানীং ছোট পর্দার অনেককেই সিনেমায় দেখা গেলেও বড় পর্দায় কবে ধরা দেবেন- এমন প্রশ্নে মুখ খোলেন কেয়া পায়েল। অভিনেত্রী মনে করেন, সিনেমা বা বড় পর্দায় অভিনয় করার জন্য তাকে যথেষ্ট প্রস্ততি নিয়ে আসতে হবে। পায়েলের কথায়, ‘আমি সিনেমায় অভিনয়ের জন্য এখনও পুরোপুরি প্রস্তুত নই। সিনেমার আগে নাটকেই সময় দিতে চাইসম্প্রতি ইয়াশ এর সঙ্গে জুটি বেঁধে ‘মনে রেখো আমায়’ নামের একটি একক নাটকে অভিনয় করেছেন কেয়া পায়েল। নাটকটি রচনা ও পরিচালনা করেছেন পথিক সাধন। জি-সিরিজের ব্যানারে উন্মুক্ত হওয়া এ নাটকটি অল্প সময়ের মধ্যেই দর্শকদের হৃদয় ছুঁয়েছে। ইউটিউবে প্রকাশ হওয়া এই নাটকের মন্তব্য ঘরে নেটিজেনদের ভূয়সী প্রশংসা দেখা যায়।
সেই সাফল্যের পেছনের কথা তুলে ধরে সম্প্রতি গণমাধ্যমকে পায়েল বলেন, ‘পরিচালকরা আমাকে মনের মতো গল্পের নাটকে কাজ করার সুযোগ দেন। নাটকে যারা সহশিল্পী থাকেন তারাও আমাকে সহযোগিতা করেন। আন্তরিকভাবে কৃতজ্ঞতা প্রকাশ করছি তাদের ওপর। এছাড়াও দর্শকের প্রতিও কৃতজ্ঞতা রইল, কারণ তাদের কারণেই কষ্ট করছি, ভালো গল্পে কাজ করছি।’
এদিকে কেয়া চান, অভিনয়ের পাশাপাশি তার নতুন আরও একটি পরিচয় হোক। শোনা যাচ্ছে অতি দ্রুতই তিনি ব্যবসা শুরু করতে যাচ্ছেন। সবকিছু ঠিক থাকলে আগামী সপ্তাহের মধ্যেই ‘পার্ল বাই পায়েল মেকওভার অ্যান্ড স্যালুন’- নামের একটি প্রতিষ্ঠান উদ্বোধন করবেন তিনি।
এ প্রসঙ্গে কেয়ার ভাষ্য, ‘অভিনয়ের পাশাপাশি আমার আরও একটি নতুন পরিচয় হোক, সেটিই চাচ্ছিলাম। দর্শকদের ভালোবাসায় অভিনয়ে আমার অসম্ভব ব্যস্ত সময় কাটছে। আর এমন ব্যস্ততার মধ্যেই নিজের নাম লিখিয়ে নিচ্ছি মেকওভারের ব্যবসায়।’