শনিবার , ২৫শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ || ১০ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ - বর্ষাকাল || ১১ই সফর, ১৪৪৮ হিজরি

বড় ধাক্কা ওয়েস্ট ইন্ডিজ শিবিরে, পাকিস্তান সিরিজ থেকে সরে দাঁড়ালেন অ্যালজারি জোসেফ

প্রকাশিত হয়েছে- শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬

পাকিস্তানের বিপক্ষে ঘরের মাঠে আসন্ন টেস্ট সিরিজ শুরুর আগে বড় ধাক্কা খেল ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল। কেন্দ্রীয় চুক্তিতে থাকা সত্ত্বেও দল নির্বাচন প্রত্যাখ্যান করে সিরিজ থেকে সরে দাঁড়িয়েছেন দলের অন্যতম পেসার অ্যালজারি জোসেফ।

প্রথমে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ জানিয়েছিল, ব্যক্তিগত কারণে জোসেফকে স্কোয়াডে রাখা সম্ভব হয়নি। তবে সিরিজ শুরুর আগে সংবাদ সম্মেলনে ওয়েস্ট ইন্ডিজের প্রধান কোচ ড্যারেন স্যামি জানান, জোসেফ নিজেই এই সিরিজে না খেলার সিদ্ধান্ত নিয়েছেন।

স্যামি বলেন, জোসেফ ইনজুরি কাটিয়ে দলে ফেরার প্রস্তুতিতে ছিলেন এবং তাকে স্কোয়াডেও রাখা হয়েছিল। কিন্তু নির্দিষ্ট কিছু কারণে তিনি খেলতে অস্বীকৃতি জানিয়েছেন। তার মতে, কেন্দ্রীয় চুক্তিতে থাকা একজন ক্রিকেটারের এভাবে দল নির্বাচন প্রত্যাখ্যান করা একটি বড় বিষয় এবং এর সমাধানের দায়িত্ব ক্রিকেট বোর্ডের।

ফর্মে থাকা এই পেসারকে না পাওয়া ওয়েস্ট ইন্ডিজের জন্য বড় ক্ষতি হলেও কোচ ড্যারেন স্যামি মনে করছেন, দলের বর্তমান বোলিং আক্রমণ পাকিস্তানের বিপক্ষে ভালো করার মতো যথেষ্ট শক্তিশালী।

জোসেফের অনুপস্থিতিতে ক্যারিবীয় পেস আক্রমণের নেতৃত্ব দেবেন শামার জোসেফ, কেমার রোচ ও জেইডেন সিলস। সঙ্গে থাকবেন অলরাউন্ডার জাস্টিন গ্রেভস ও কিমো পল।

আগামী ২৬ জুলাই তারৌবায় শুরু হবে পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার প্রথম টেস্ট। দুই ম্যাচের সিরিজের দ্বিতীয় টেস্ট অনুষ্ঠিত হবে ২ আগস্ট পোর্ট অব স্পেনে।