বুধবার , ১লা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ - বর্ষাকাল || ১৬ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

বগুড়ার কাহালুতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রীর মর্মান্তিক মৃত্যু

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬

বগুড়ার কাহালু উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক দম্পতির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৪ জুন) বিকেল আনুমানিক ৩টার দিকে উপজেলার বেলঘড়িয়া দক্ষিণপাড়া এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহতরা হলেন বেলঘড়িয়া দক্ষিণপাড়া এলাকার বাসিন্দা আনোয়ার হোসেন (৬০) ও তার স্ত্রী রমিছা খাতুন (৫৫)।

স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে পুটু মিয়া নামে এক ব্যক্তি পানি পান করার উদ্দেশ্যে আনোয়ার হোসেনের বাড়িতে যান। সেখানে গিয়ে তিনি স্বামী-স্ত্রীকে বিদ্যুতের তারে জড়িয়ে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে তার চিৎকারে স্থানীয় লোকজন ঘটনাস্থলে ছুটে আসেন এবং পুলিশকে খবর দেন।

খবর পেয়ে কাহালু থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার কারণেই তাদের মৃত্যু হয়েছে।

কাহালু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে এবং মরদেহের সুরতহাল সম্পন্ন করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।