বুধবার , ১লা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ - বর্ষাকাল || ১৬ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

বকেয়া আদায়ে কঠোর ডিএসসিসি: বিশেষ অভিযানে আদায় ১২ লাখ টাকার বেশি হোল্ডিং ট্যাক্স

প্রকাশিত হয়েছে- সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬

রাজধানীতে বকেয়া হোল্ডিং ট্যাক্স আদায়ে কঠোর অবস্থান নিয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি)। সংস্থাটির অঞ্চল-৯ এর আওতাধীন এলাকায় পরিচালিত এক বিশেষ অভিযানে ১২ লাখ ৩১ হাজার টাকা বকেয়া কর আদায় করা হয়েছে।

সোমবার (২৭ এপ্রিল) পরিচালিত এই অভিযানে নেতৃত্ব দেন অঞ্চল-৯ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ মিজানুর রহমান মিয়া। অভিযানের মাধ্যমে দীর্ঘদিন ধরে বকেয়া থাকা হোল্ডিং ট্যাক্স আদায়ে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জিত হয়েছে বলে জানানো হয়।

ডিএসসিসি সূত্রে জানা গেছে, নগরীর উন্নয়ন কার্যক্রম অব্যাহত রাখা এবং নাগরিক সেবা নিশ্চিত করতে হোল্ডিং ট্যাক্স আদায় অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ কারণে কর বকেয়া আদায়ে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম চলমান থাকবে।

সংস্থাটি আরও জানায়, নাগরিকদের সময়মতো কর পরিশোধের মাধ্যমে সিটি কর্পোরেশনের উন্নয়ন কাজে সহযোগিতা করা উচিত। কারণ এই রাজস্ব থেকেই নগরীর অবকাঠামো উন্নয়ন, বর্জ্য ব্যবস্থাপনা, সড়ক সংস্কারসহ বিভিন্ন সেবামূলক কার্যক্রম পরিচালিত হয়।

ডিএসসিসির এই উদ্যোগকে নগর ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং কর আদায় ব্যবস্থাকে আরও কার্যকর করার অংশ হিসেবে দেখা হচ্ছে।