শুক্রবার , ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ || ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ - বর্ষাকাল || ১০ই সফর, ১৪৪৮ হিজরি

ফেনীর মানবতাবিরোধী অপরাধ মামলায় মেজর (অব.) মোজাফফর গ্রেপ্তার

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬

চব্বিশের জুলাই গণঅভ্যুত্থান চলাকালে ফেনীতে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় মেজর (অব.) মোজাফফর হোসেনকে গ্রেপ্তার দেখিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। একইসঙ্গে তাকে দুই দিনের জিজ্ঞাসাবাদের অনুমতি দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৩ জুলাই) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ আদেশ দেন। অপর দুই সদস্য হলেন বিচারক মো. মঞ্জুরুল বাছিদ এবং বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর

ট্রাইব্যুনালে রাষ্ট্রপক্ষের হয়ে শুনানি করেন চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম। তিনি মোজাফফর হোসেনকে মামলায় গ্রেপ্তার দেখানোর পাশাপাশি দুই দিনের জিজ্ঞাসাবাদের আবেদন করেন এবং তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য দুই মাস সময় চান।

শুনানি শেষে ট্রাইব্যুনাল মোজাফফর হোসেনকে মামলায় গ্রেপ্তার দেখানোর আদেশ দেন। পাশাপাশি তদন্ত সংস্থার সুবিধাজনক সময়ে দুই দিনের জিজ্ঞাসাবাদের অনুমতি দেওয়া হয়। এছাড়া আগামী ২৩ সেপ্টেম্বর তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য করা হয়েছে।

এর আগে বৃহস্পতিবার সকালে মোজাফফর হোসেনকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। বর্তমানে তিনি ঢাকা সেনানিবাসের কারাগারে থাকবেন।

একই মামলার অপর আসামি লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরীকেও এদিন ট্রাইব্যুনালে হাজির করা হয়।

প্রসিকিউশনের দাবি, আওয়ামী লীগ সরকারের সময় বিভিন্ন মানবতাবিরোধী অপরাধে মোজাফফর হোসেনের সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে। বিশেষ করে জুলাই গণঅভ্যুত্থানের সময় ফেনীতে সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় তিনি নিয়মিতভাবে মাসুদ উদ্দিন চৌধুরীর সঙ্গে যোগাযোগ রাখতেন বলে অভিযোগ করা হয়েছে।

উল্লেখ্য, প্রায় ৪৫ বছর পলাতক থাকার পর গত ১৫ জুলাই রাজধানীর বনানীর একটি বাসা থেকে মোজাফফর হোসেনকে গ্রেপ্তার করা হয়। পরদিন তাকে ঢাকা সেনানিবাসের মিলিটারি পুলিশের কাছে হস্তান্তর করা হয়।