বুধবার , ১লা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ - বর্ষাকাল || ১৬ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

ফুয়েল পাস চালু হলেও কমেনি ভোগান্তি, দীর্ঘ লাইনে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা

প্রকাশিত হয়েছে- সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬

রাজধানীর বিভিন্ন ফিলিং স্টেশনে ফুয়েল পাস চালু হলেও তেল নেওয়ার ভোগান্তি কমেনি। বরং ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে বাইকারদের, যদিও পাসধারীরা কিছুটা বেশি তেল পাচ্ছেন।

রাজধানীর আসাদগেটের সোনার বাংলা ফিলিং স্টেশন-এ দেখা যায়, সকাল থেকে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করছেন চালকরা। পেশায় রাইড শেয়ারিং চালক মাহমুদ হোসেন জানান, সকাল ৮টা থেকে লাইনে দাঁড়িয়ে থেকে দুপুর ১টার পর তেল নিতে পেরেছেন তিনি। ফুয়েল পাস থাকা সত্ত্বেও তাকে প্রায় ৫ ঘণ্টা অপেক্ষা করতে হয়েছে।

একই স্টেশনে ফুয়েল পাসধারী ও পাসহীনদের জন্য আলাদা লাইন থাকলেও দুই ক্ষেত্রেই দীর্ঘ সারি দেখা গেছে। পাসধারীরা যেখানে প্রায় ১ হাজার টাকার তেল পাচ্ছেন, সেখানে পাস ছাড়া গ্রাহকদের দেওয়া হচ্ছে প্রায় ৫০০ টাকার তেল।

অন্যদিকে বিজয় সরণির ট্রাস্ট ফিলিং স্টেশন-এও একই চিত্র দেখা গেছে। এখানে পাসধারী ও পাসহীনদের জন্য আলাদা লাইন নেই, সবাইকে একই লাইনে অপেক্ষা করতে হচ্ছে। এই স্টেশনে পাসধারীরা প্রায় ১২০০ টাকার এবং পাসহীনরা প্রায় ১ হাজার টাকার তেল পাচ্ছেন।

ভুক্তভোগীরা বলছেন, ফুয়েল পাস চালু হলেও লাইনের দৈর্ঘ্য কমেনি। অনেককে ৪ থেকে ৭ ঘণ্টা পর্যন্ত অপেক্ষা করতে হচ্ছে, যার ফলে দিনের বড় একটি অংশ নষ্ট হয়ে যাচ্ছে।

এদিকে, ফুয়েল পাস সিস্টেমের প্রযুক্তিগত সমস্যার কথাও জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। জ্বালানি ও খনিজসম্পদ বিভাগের আইসিটি শাখার কর্মকর্তারা জানান, সিস্টেমটি এখনও পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে এবং বিআরটিএর যাচাই প্রক্রিয়া ধীরগতির হওয়ায় সমস্যা হচ্ছে।

তারা আশা প্রকাশ করেছেন, দ্রুত কারিগরি ত্রুটি সমাধান করা গেলে সেবা আরও সহজ ও কার্যকর হবে।