বিশ্বকাপ ফাইনালের আগে লিওনেল মেসিকে ঘিরে নিজেদের পরিকল্পনার কথা জানিয়েছেন স্পেনের প্রধান কোচ লুইস দে লা ফুয়েন্তে। চলতি আসরে ৮ গোল ও ৪ অ্যাসিস্ট করা আর্জেন্টাইন অধিনায়ককে থামানো যে সহজ হবে না, সেটিও স্বীকার করেছেন তিনি।
ফাইনালের আগে এক সংবাদ সম্মেলনে দে লা ফুয়েন্তে বার্সেলোনার বিপক্ষে সেভিয়ার যুব দলের কোচ থাকার সময়ের একটি স্মৃতি তুলে ধরেন। তিনি বলেন, তখন মেসিকে শুরু থেকেই ম্যান-টু-ম্যান মার্কিংয়ে রাখা হয়েছিল।
স্পেন কোচ বলেন, ‘স্প্যানিশ কাপে বার্সেলোনার বিপক্ষে খেলতে গিয়েছিলাম। মেসি নামের একটি ছেলেকে নিয়ে অনেক ভালো কথা শুনেছিলাম। তাকে শুরু থেকেই ম্যান-টু-ম্যান মার্কিংয়ে রেখেছিলাম। ৭০ মিনিট পর্যন্ত ম্যাচ গোলশূন্য ছিল। কিন্তু তাকে মার্ক করা খেলোয়াড় লাল কার্ড দেখার পর মাত্র ১৫ মিনিটে মেসি চারটি গোল করে ফেলেছিল।’
তিনি আরও বলেন, ‘এর মানে কি আমরা তাকে ম্যান-মার্ক করব? না। তবে অবশ্যই তাকে কড়া নজরে রাখা হবে।’
এদিকে বিশ্বকাপ ফাইনালের আগে মেসির সঙ্গে স্পেনের তরুণ তারকা লামিনে ইয়ামালের তুলনা নিয়েও কথা বলেন দে লা ফুয়েন্তে। তিনি মনে করেন, মেসির মতো কিংবদন্তির সঙ্গে তুলনা না করে ইয়ামালকে নিজের স্বকীয়তা ধরে রাখার সুযোগ দেওয়া উচিত।
স্পেন কোচ বলেন, ‘মেসি অদ্বিতীয়। সে অসাধারণ প্রতিভাবান এবং তরুণদের জন্য অনুকরণীয়। তবে লামিনেকে লামিনেই থাকতে হবে। আমরা চাই, সে নিজের মতো করেই বেড়ে উঠুক।’
রোববার নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে বিশ্বকাপের শিরোপা নির্ধারণী ম্যাচে মুখোমুখি হবে আর্জেন্টিনা ও স্পেন। বিশ্বসেরা হওয়ার লড়াইয়ে মেসিকে থামানোই এখন স্পেনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ।