জাতীয় সংসদ নির্বাচনের স্বতন্ত্র প্রার্থীদের ক্ষেত্রে ১ শতাংশ ভোটারের সমর্থন থাকা বাধ্যতামূলক বিধান বাতিলের দাবিতে সুপ্রিম কোর্টের সামনে একক মানববন্ধন করেছেন দিনাজপুরের বাসিন্দা মো. আবদুল্লাহ।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) সুপ্রিম কোর্টের এনেক্স ভবনের সামনে তিনি এই মানববন্ধন করেন। মো. আবদুল্লাহ জানান, এটি একটি মৌলিক অধিকার সংক্রান্ত দাবি। তার কথায়, “১ শতাংশ ভোটারের সমর্থন থাকা বাধ্যতামূলক আইন স্বতন্ত্র প্রার্থীর কণ্ঠরোধকারী ফ্যাসিবাদী আইন। ২০১১ সালে সংশোধিত এই আইন বাতিল করা উচিত। বাতিল হওয়া সব স্বতন্ত্র প্রার্থীর প্রার্থিতা ফেরত চাই।”
তিনি আরও জানান, জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুর-৬ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করতে চান। তবে ১ শতাংশ ভোটারের স্বাক্ষর না থাকার কারণে তার প্রার্থিতা বাতিল করা হয়েছে। তাই এই বিধান বাতিলের জন্য তিনি সুপ্রিম কোর্টের হস্তক্ষেপ কামনা করছেন।