বুধবার , ১লা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ - বর্ষাকাল || ১৬ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

প্রাথমিক শিক্ষা পদক ২০২৬: জেলা পর্যায়ে ‘শ্রেষ্ঠ ইউএনও’ নির্বাচিত হলেন আখতার জাহান সাথী

প্রকাশিত হয়েছে- বুধবার, ৩ জুন, ২০২৬

 

প্রশাসনিক ক্ষেত্রে দক্ষ নেতৃত্ব, সততা, নিষ্ঠা এবং প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে নিরলস প্রচেষ্টার স্বীকৃতিস্বরূপ জেলা পর্যায়ে ‘প্রাথমিক শিক্ষা পদক-২০২৬’ এ ‘শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও)’ হিসেবে নির্বাচিত হয়েছেন নওগাঁর মান্দা উপজেলার নির্বাহী কর্মকর্তা আখতার জাহান সাথী। গৌরবময় এই অর্জন তার সাফল্যের মুকুটে এক নতুন পালক যুক্ত করেছে।

জানা গেছে, গত বছরের জুলাই মাসে তিনি মান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। যোগদানের পর থেকেই তার কর্মদক্ষতা ও দূরদর্শী নেতৃত্বে উপজেলায় শিক্ষা ও সামগ্রিক প্রশাসনিক কার্যক্রমে এক ইতিবাচক পরিবর্তন এসেছে। জেলা পর্যায়ে এই সম্মাননা প্রাপ্তির পর স্থানীয় সচেতন মহল মনে করছেন, তার এই স্বীকৃতি মান্দার সামগ্রিক উন্নয়ন ও শিক্ষার ধারাকে আরও বেশি বেগবান করবে।

আখতার জাহান সাথী কুমিল্লা জেলার বাসিন্দা এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের প্রাক্তন শিক্ষার্থী। তিনি ৩৫তম বিসিএস (প্রশাসন) ক্যাডারের একজন চৌকস কর্মকর্তা।

প্রশাসনিক কর্মকর্তা হিসেবে তার কর্মজীবন শুরু হয় সিলেটের সুনামগঞ্জ জেলায়। পরবর্তীতে তিনি চাঁদপুরে আরডিসি (রেভিনিউ ডেপুটি কালেক্টর) ও এলএও (ল্যান্ড অ্যাকুইজিশন অফিসার) হিসেবে সফলতার সাথে দায়িত্ব পালন করেন। এছাড়া লক্ষ্মীপুর জেলার রায়পুর ও নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) হিসেবেও সুনামের সাথে দায়িত্ব পালন করেছেন তিনি।

এই গৌরবময় অর্জনের পর অনুভূতি ব্যক্ত করে ইউএনও আখতার জাহান সাথী বলেন, “একটি বৈষম্যহীন, উন্নয়নমুখী ও জনবান্ধব মান্দা গড়তে আমি শুরু থেকেই কাজ করে যাচ্ছি। বিশেষ করে উপজেলার শিক্ষার মানোন্নয়নে আমার প্রচেষ্টা সবসময় অব্যাহত থাকবে। এই অগ্রযাত্রাকে আরও বেগবান করতে আমি উপজেলার সর্বস্তরের মানুষের আন্তরিক সহযোগিতা ও দোয়া কামনা করছি।”