বুধবার , ১লা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ - বর্ষাকাল || ১৬ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

প্রাণনাশের শঙ্কায় বিএনপির প্রার্থী, পুলিশি নিরাপত্তা চেয়ে আবেদন

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ২২ জানুয়ারি, ২০২৬

দুর্বৃত্তদের হামলায় দলীয় কর্মী ও জিয়া পরিষদের সদস্য নিহতের ঘটনায় নিজের প্রাণনাশের শঙ্কায় পুলিশি নিরাপত্তা চেয়েছেন নাটোর-৩ (সিংড়া) আসনের বিএনপি মনোনীত প্রার্থী অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনু।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুপুরে জেলা রিটার্নিং কর্মকর্তা ও নাটোরের জেলা প্রশাসক আসমা শাহীনের কাছে লিখিতভাবে এই আবেদন জানানো হয়। প্রার্থীর পক্ষে আবেদনপত্রটি জমা দেন সিংড়া থানা বিএনপির সাবেক সহ-সভাপতি আব্দুর রব।

আবেদনে বিএনপির প্রার্থী উল্লেখ করেন, নির্বাচনী প্রচারণার কাজে তাকে সিংড়ার বিভিন্ন এলাকায় যাতায়াত করতে হচ্ছে। সম্প্রতি দুর্বৃত্তদের হাতে তার এক কর্মী নির্মমভাবে নিহত হওয়ার ঘটনায় তিনি নিজের নিরাপত্তা নিয়ে শঙ্কিত। এমতাবস্থায় নির্বিঘ্নে প্রচারণা চালাতে ও জীবন রক্ষার্থে তিনি পুলিশি নিরাপত্তা সহায়তা কামনা করেন।

রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক আসমা শাহীন আবেদন পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, প্রার্থীর আবেদনটি আমরা গ্রহণ করেছি এবং ইতোমধ্যে তা জেলা পুলিশ সুপার আব্দুল ওহাবের কাছে পাঠিয়ে দেওয়া হয়েছে। পুলিশ সুপার এ বিষয়ে বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।

উল্লেখ্য, গতকাল বুধবার (২১ জানুয়ারি) রাতে সিংড়ার কলম ইউনিয়নের কুমারপাড়া এলাকায় দুর্বৃত্তদের হামলায় নিহত হন জিয়া পরিষদের সদস্য ও সহকারী অধ্যাপক রেজাউল করিম। তাকে কুপিয়ে ও জবাই করে হত্যা করা হয়। এই নৃশংস হত্যাকাণ্ডের পরই নির্বাচনী মাঠে নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে প্রশাসনের দ্বারস্থ হলেন বিএনপি প্রার্থী আনোয়ারুল ইসলাম আনু।