মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্নফাঁসের অভিযোগকে কেন্দ্র করে ককরোচ জনতা পার্টির (সিজেপি) আন্দোলন অব্যাহত রয়েছে। এরই মধ্যে আন্দোলনকারীদের সঙ্গে আলোচনার প্রস্তাব দিয়েছে ভারতের কেন্দ্রীয় সরকার। সরকার আলোচনার জন্য সিজেপির পক্ষ থেকে প্রতিনিধি পাঠানোর আহ্বান জানিয়েছে।
তবে সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে শর্ত দিয়েছেন, সরকার সত্যিই আলোচনা করতে চাইলে তাদের কাছেই আসতে হবে। বুধবার (২২ জুলাই) তিনি সাংবাদিকদের বলেন, সরকারের ‘দাম্ভিকতা’ শেষ হওয়া উচিত এবং আন্দোলনকারীদের শর্ত মেনেই আলোচনায় বসতে হবে।
অন্যদিকে সিজেপির মুখপাত্র আষুতোশ রাঙ্কা কিছুটা নমনীয় অবস্থান নিয়ে জানিয়েছেন, নিরপেক্ষ কোনো স্থানে অথবা জন্তর মন্তরেই সরকারের সঙ্গে আলোচনা হতে পারে। তবে তাঁদের দাবি থেকে সরে আসার কোনো সুযোগ নেই এবং শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি বহাল থাকবে।
সিজেপির অভিযোগ, সোমবার আলোচনার জন্য তাদের প্রতিনিধিদের ডেকে নেওয়ার পর ফোন নিয়ে গৃহবন্দি করা হয় এবং পার্লামেন্টমুখী বিক্ষোভকারীদের ওপর লাঠিচার্জ করা হয়। এদিকে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, আন্দোলনকারীরা আলোচনায় এলে তারা প্রস্তুত রয়েছে।