প্রযুক্তিগত রক্ষণাবেক্ষণ ও সিস্টেম আপগ্রেডেশনের কারণে আগামী ফেব্রুয়ারি মাসে বিশ্বব্যাপী ইতালির ভিসা আবেদন গ্রহণ ছয় দিন বন্ধ থাকবে। এ সময়ে কোনো নতুন ভিসা আবেদন জমা নেওয়া হবে না।
সোমবার (২৬ জানুয়ারি) ঢাকায় অবস্থিত ইতালি দূতাবাস এক বার্তায় এ তথ্য নিশ্চিত করেছে।
দূতাবাসের বার্তায় জানানো হয়, আগামী ১১, ১২, ১৫, ১৬, ১৭ ও ১৮ ফেব্রুয়ারি তারিখে বিশ্বব্যাপী সব ইতালিয়ান ভিসা অফিসে কোনো ধরনের ভিসা আবেদন গ্রহণ করা হবে না। প্রযুক্তিগত উন্নয়ন ও সিস্টেম আপগ্রেডেশনের অংশ হিসেবে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এ সময় ভিসা আবেদন গ্রহণকারী প্রতিষ্ঠান ভিএফএস গ্লোবালকে নতুন আবেদন গ্রহণ না করার পাশাপাশি আবেদন প্রত্যাহারের অনুরোধও গ্রহণ না করার নির্দেশ দেওয়া হয়েছে।
তবে যেসব আবেদনকারী ইতোমধ্যে ভিসার জন্য আবেদন জমা দিয়েছেন এবং দূতাবাসের পক্ষ থেকে যদি অতিরিক্ত কোনো কাগজপত্র জমা দেওয়ার অনুরোধ করা হয়ে থাকে, কেবল সেই নথিপত্রগুলো নির্ধারিত সময়ে গ্রহণ করা হবে বলে বার্তায় উল্লেখ করা হয়েছে।
দূতাবাস আরও জানায়, যাদের ১১ থেকে ১৮ ফেব্রুয়ারির মধ্যে বা তার কাছাকাছি সময়ে জরুরি ভিত্তিতে ইতালি ভ্রমণের প্রয়োজন রয়েছে, তাদের ফেব্রুয়ারি মাসের শুরুতেই ভিসা আবেদন জমা দেওয়ার জন্য জোরালোভাবে পরামর্শ দেওয়া হচ্ছে। কারণ, একটি ভিসা ইস্যু বা অনুমোদনের জন্য ন্যূনতম ১০ কর্মদিবস সময় লাগতে পারে।
এ ঘোষণার ফলে ইতালি ভ্রমণপ্রত্যাশী ও ভিসা আবেদনকারীদের ভ্রমণ পরিকল্পনায় আগাম প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়েছে দূতাবাস।